নেত্রকোনার পূর্বধলা থানায় দায়েরকৃত একটি চাঞ্চল্যকর চুরির মামলার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুর মহানগরীর বাসন থানা এলাকায় অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত তিন চোরকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ চোরাই মালামাল।
গত ১৩ মে ২০২৬ তারিখ দিবাগত রাতে পূর্বধলা উপজেলার হোগলা বাজারে অবস্থিত ‘সরকার টেলিকম’ নামক একটি দোকানে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে। চোরেরা দোকান থেকে বিভিন্ন ব্র্যান্ডের বাটন মোবাইল, চার্জার লাইট, মোবাইলের চার্জার ও প্রোটেকশন গ্লাসসহ প্রায় ৪৩ হাজার ৫০০ টাকার মালামাল চুরি করে নিয়ে যায়। এই ঘটনায় গত ১১ জুন পূর্বধলা থানায় একটি মামলা দায়ের করা হয়।
মামলা রুজু হওয়ার পর থেকেই পূর্বধলা থানা পুলিশ অপরাধীদের শনাক্ত ও মালামাল উদ্ধারে তৎপরতা শুরু করে। তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে গত ২০ জুন বিকেল ৪টার দিকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বাসন থানাধীন ভোগড়া বাইপাস এলাকায় অভিযান চালায় পূর্বধলা থানা পুলিশের একটি বিশেষ দল। অভিযানে ওই দোকান থেকে চুরি হওয়া মোবাইলসহ বিভিন্ন মালামালসহ তিনজনকে হাতে-নাতে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো:১. সুমন (১৮), পিতা: মো. হাসেম উদ্দিন, মাতা: শিল্পী আক্তার, সাং: আমকোনা, থানা: পূর্বধলা, জেলা: নেত্রকোনা।২. মো. কাউসার আলী (৩৫), পিতা: মো. আব্দুল্লাহ বাকী, মাতা: সখিনা বেগম, সাং: হাইহাই বটতলী, থানা: কোতোয়ালী, জেলা: দিনাজপুর।৩. জুলহাস আকন (৩৮), পিতা: মৃত শাহজাহান আকন, মাতা: মৃত হমিলা আক্তার, সাং: জপসান, থানা: আগৈলঝাড়া, জেলা: বরিশাল।
গ্রেপ্তারকৃতরা বর্তমানে গাজীপুরের বাসন থানাধীন ভোগড়া বাইপাস মধ্যবাজার এলাকায় বসবাস করছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা চুরির সাথে সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করেছে।
গ্রেপ্তারকৃতদের ২০ জুন বিকেলে আইনি প্রক্রিয়া শেষে নেত্রকোনা জেলায় নিয়ে আসা হয়েছে। মামলার অবশিষ্ট মালামাল উদ্ধার এবং এই চক্রের সাথে জড়িত অন্যান্য সহযোগীদের গ্রেপ্তারে পূর্বধলা থানা পুলিশের অভিযান ও তদন্ত অব্যাহত রয়েছে। আসামিদের ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST