পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বনায়ন নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী, মেহেরপুর জেলা যুব বিভাগের উদ্যোগে মেহেরপুর শহরের ৪ নম্বর ওয়ার্ডে বৃক্ষরোপণ কর্মসূচি ও চারা বিতরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার বাদ আসর শহরের ৪ নম্বর ওয়ার্ড ঈদগাহ ময়দানে এই কর্মসূচি পালন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর পৌর জামায়াতের আমীর ও আগামী পৌরসভা নির্বাচনে জামায়াত মনোনীত মেয়র পদপ্রার্থী মো. সোহেল রানা ডলার। তিনি নিজের হাতে চারা রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন।
এ সময় এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে আম, লিচু, পেয়ারা সহ বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছের চারা বিনামূল্যে বিতরণ করা হয়। চারা সংগ্রহের জন্য ঈদগাহ ময়দানে স্থানীয় মানুষের ব্যাপক উৎসাহ ও উপস্থিতি লক্ষ্য করা গেছে।
উদ্বোধক ও প্রধান অতিথির বক্তব্যে সোহেল রানা ডলার বলেন, “প্রকৃতি ও পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। বৈশ্বিক উষ্ণতা হ্রাস এবং আমাদের আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য সুন্দর পরিবেশ গড়তে হলে প্রতিটি বাড়িতে কমপক্ষে একটি করে গাছ লাগানো অত্যন্ত জরুরি। আমরা শুধু চারা বিতরণ করছি না, বরং মানুষকে গাছ লাগাতে উৎসাহিত করছি।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর পৌর জামায়াতের সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ। এছাড়া ৪ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি আশরাফুল ইসলাম, মো. ইব্রাহিম খান হিমুসহ স্থানীয় জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
স্থানীয়রা জামায়াতের এই মানবিক ও পরিবেশবান্ধব উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, দলের পক্ষ থেকে এমন সময়োপযোগী কর্মসূচি পরিবেশ সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST