মাগুরার মহম্মদপুর উপজেলার খালিয়া গ্রামের শিকদারপাড়ায় গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে রান্নাঘর, গোয়ালঘরসহ দুটি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় একটি ছাগল ও প্রায় ৩০টি মুরগি আগুনে পুড়ে মারা যায়। এতে প্রায় ১ লাখ ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত পরিবার।
মঙ্গলবার রাত আনুমানিক ২টা ৩০ মিনিট থেকে ৩টার মধ্যে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয়রা আগুন দেখতে পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। তবে আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় রান্নাঘর, গোয়ালঘরসহ দুটি ঘর সম্পূর্ণ পুড়ে যায়।
স্থানীয় বাসিন্দা মো. খালেক মোল্লা জানান, গভীর রাতে আগুনের খবর পেয়ে এলাকাবাসী ঘটনাস্থলে ছুটে যান। সবাই মিলে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও ততক্ষণে আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত ব্যক্তি মো. শাহেব আলী শিকদার (পিতা: মোতালেব শিকদার) জানান, আগুনে তার রান্নাঘর ও গোয়ালঘর সম্পূর্ণ পুড়ে যায়। এছাড়া দুটি ঘরের ব্যাপক ক্ষতি হয়। আগুনে একটি ছাগল ও প্রায় ৩০টি মুরগি পুড়ে মারা যায়। এতে তার প্রায় ১ লাখ ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন।
স্থানীয়দের ধারণা, বৈদ্যুতিক শর্টসার্কিট বা অন্য কোনো কারণে আগুনের সূত্রপাত হতে পারে। তবে আগুন লাগার প্রকৃত কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST