রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় জাহিদ বিশ্বাস (৪৫) নামে এক ব্যাটারিচালিত রিকশাচালককে গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৬ জুলাই) দিবাগত রাতে উপজেলার দেবগ্রাম ইউনিয়নের চামেলি পার্ক এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জাহিদ বিশ্বাস গোয়ালন্দ পৌর ৩ নম্বর ওয়ার্ডের জবানিপাড়া এলাকার জামাল বিশ্বাসের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, রিকশার ব্যাটারি নষ্ট থাকায় গত চার-পাঁচ দিন জাহিদ রিকশা চালাতে পারেননি। বৃহস্পতিবার নতুন ব্যাটারি কিনে রাতে রিকশা নিয়ে বের হওয়ার পর তিনি আর বাড়ি ফেরেননি। শুক্রবার (১৭ জুলাই) দুপুরে স্থানীয়রা চামেলি পার্ক এলাকার একটি ইটের সড়কের পাশে তাঁর মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন।
খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. শাহিদুল ইসলাম ও গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) সফিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
গোয়ালন্দ ঘাট থানার ওসি সফিকুল ইসলাম বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যেই দুর্বৃত্তরা তাঁকে হত্যা করেছে। ঘটনার রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের গ্রেপ্তারে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST