মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার বেজগাঁও ইউনিয়নের ভোগদিয়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক কথিত মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে লৌহজং থানা পুলিশ।
রোববার (২ আগস্ট) বিকেল ৪টা ২০ মিনিটের দিকে ভোগদিয়া ৪ নম্বর ওয়ার্ডে আজাহার শেখের কাঠের ফার্নিচারের দোকানের সামনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
গ্রেপ্তার ব্যক্তি হলেন জীবন হোসেন (৩২)। তিনি মৃত আনোয়ার হোসেনের ছেলে। বর্তমানে গাওদিয়া ইউনিয়নের ঘোলতলী এলাকায় রফিক শেখের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো. মেনহাজুল আলম, পিপিএম-এর নির্দেশনায় জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে লৌহজং থানার এসআই মো. পান্নু মিয়ার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় জীবন হোসেনের কাছ থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
লৌহজং থানা পুলিশ জানিয়েছে, এ ঘটনায় গ্রেপ্তার আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST