পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার ১ নং বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের প্রতিটি ঘরে, প্রতিটি প্রাণে ঈদের আনন্দ পৌঁছে দিতে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়েছেন মধ্যনগর উপজেলা ১ নং বংশীকুন্ডা উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি এবং আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী মুক্তার হোসেন।
ঈদ শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ত্যাগের এই মহান দিনে আমার মন ভরে আছে আপনাদের প্রতি শ্রদ্ধা আর ভালোবাসায়। বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের মাটি, মানুষ আর মায়ার টানেই আমি আজ এখানে দাঁড়িয়ে। এই মাটির প্রতিটি ধুলিকণা আমার কাছে পবিত্র, এই মানুষগুলো আমার পরিবার।
মুক্তার হোসেন বলেন, আমি বিএনপির একজন নিপীড়িত প্রাণ। শহীদ জিয়ার আদর্শ বুকে ধারণ করে, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে জীবনের ঝুঁকি নিয়ে রাজপথে থেকেছি। মিথ্যা মামলা, হামলা, নির্যাতন— কোনো কিছুই আমাকে আমার পথ থেকে সরাতে পারেনি। কারণ আমার লড়াই ক্ষমতার জন্য নয়, আমার লড়াই বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের অসহায় মানুষের মুখে হাসি ফোটানোর জন্য।
তিনি আবেগাপ্লুত কণ্ঠে বলেন, আমি জানি, আমাদের অনেক ভাই-বোন আজও কষ্টে দিন কাটাচ্ছেন। অনেকের ঘরে ঈদের নতুন জামা নেই, পাতে মাংস নেই। একজন রাজনৈতিক কর্মী হিসেবে, আপনাদের সন্তান হিসেবে এই কষ্ট আমাকে পীড়া দেয়। আমার স্বপ্ন একটাই, যেদিন উত্তর বংশীকুন্ডার কোনো ঘরে অন্ধকার থাকবে না, কোনো মায়ের চোখে জল থাকবে না।
বংশীকুন্ডা উত্তর ইউনিয়নবাসীর উদ্দেশে তিনি বলেন, নির্বাচিত হলে দলমত নির্বিশেষে সকলের সমান অধিকার নিশ্চিত করবো। শিক্ষা, স্বাস্থ্য, রাস্তাঘাট, কৃষি এবং কর্মসংস্থানের উন্নয়নে কাজ করবো। মাদক, চাঁদাবাজি ও দুর্নীতিমুক্ত একটি আদর্শ ইউনিয়ন গড়ে তোলাই হবে আমার প্রধান অঙ্গীকার।
তিনি আরও বলেন, ঈদ মানে আনন্দ ভাগ করে নেওয়া। আসুন, এই ঈদে আমরা সব ভেদাভেদ ভুলে একে অপরের পাশে দাঁড়াই। গরিবের মুখে হাসি ফোটানোই হোক আমাদের ঈদের সবচেয়ে বড় কুরবানি।
পরিশেষে তিনি বলেন, আপনাদের দোয়া, ভালোবাসা আর বিশ্বাসই আমার পথ চলার একমাত্র সম্বল। আমি কথা দিচ্ছি, জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি উত্তর বংশীকুন্ডার মানুষের জন্য কাজ করে যাবো। সবার জন্য রইলো ঈদ মোবারক।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST