লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরকালকিনি ইউনিয়নে আওয়ামী লীগের নেতাকর্মীদের একটি গোপন শপথ কর্মসূচি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। রাতের আঁধারে আয়োজিত এ শপথ অনুষ্ঠানের ভিডিও ইতোমধ্যে ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, স্থানীয় আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মীরা একত্রিত হয়ে হাত উঁচিয়ে শপথ নিচ্ছেন। তারা জানান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা এবং তাকে ঘিরে চলমান রাজনৈতিক পরিস্থিতিতে সক্রিয় ভূমিকা রাখার লক্ষ্যে এই শপথ গ্রহণ করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, কর্মসূচিটি গোপনে আয়োজন করা হলেও উপস্থিত কয়েকজন নেতাকর্মী ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করলে বিষয়টি দ্রুত ছড়িয়ে পড়ে।
এদিকে, শেখ হাসিনার বর্তমান অবস্থান ও তাকে দেশে ফিরিয়ে আনার বিষয়টি জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় হয়ে উঠেছে। ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে তিনি ভারতে অবস্থান করছেন বলে জানা গেছে। তার বিরুদ্ধে বিভিন্ন মামলা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে তদন্ত চলমান রয়েছে।
বাংলাদেশ সরকার তাকে দেশে ফিরিয়ে আনার জন্য ভারতের কাছে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানিয়েছে। ভারত সরকার এ বিষয়ে সরাসরি কোনো সিদ্ধান্ত না জানালেও, বাংলাদেশের অনুরোধটি পর্যালোচনার কথা জানিয়েছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, শেখ হাসিনার প্রত্যাবর্তন ইস্যু ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ হতে পারে। চরকালকিনির এই শপথ কর্মসূচি সেই বৃহত্তর প্রেক্ষাপটেরই একটি অংশ হিসেবে দেখা হচ্ছে।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST