নারায়ণগঞ্জ আইন কলেজের অবকাঠামোগত উন্নয়ন, আধুনিক শিক্ষাবান্ধব পরিবেশ সৃষ্টি এবং শিক্ষার্থীদের সুযোগ-সুবিধা বৃদ্ধির লক্ষ্যে সরকারের সর্বোচ্চ পর্যায়ের হস্তক্ষেপ কামনা করেছেন কলেজের শিক্ষার্থী ও জাতীয়তাবাদী আইন ছাত্র ফোরামের নেত্রী ফাতেমা আক্তার মাহমুদা (ইভা)।
সম্প্রতি এক লিখিত বিবৃতিতে তিনি বলেন, দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জ আইন কলেজের শিক্ষার্থীরা নানা সীমাবদ্ধতার মধ্য দিয়ে শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছেন। সময়ের চাহিদা অনুযায়ী কলেজটিকে একটি আধুনিক ও যুগোপযোগী শিক্ষাপ্রতিষ্ঠানে রূপান্তর করা এখন অত্যন্ত জরুরি।
ফাতেমা মাহমুদা ইভা জানান, গত ছয় বছর ধরে তিনি শিক্ষার্থীদের অধিকার আদায়, শিক্ষার মানোন্নয়ন এবং কলেজের বিভিন্ন সমস্যা সমাধানে সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছেন। তবে দীর্ঘ সময় ধরে আলোচনা হলেও কলেজের অবকাঠামোগত উন্নয়নে দৃশ্যমান অগ্রগতি খুবই সীমিত বলে তিনি উল্লেখ করেন।
তিনি বলেন, “নারায়ণগঞ্জ একটি ঐতিহ্যবাহী ও গুরুত্বপূর্ণ জেলা। এখান থেকে ভবিষ্যতের আইনজীবী, বিচারক ও সমাজের দায়িত্বশীল নাগরিক তৈরি হয়। তাই আইন কলেজের উন্নয়নে সরকারি-বেসরকারি সকল মহলের এগিয়ে আসা প্রয়োজন।”
নিজের স্বপ্নের কলেজের চিত্র তুলে ধরে তিনি বলেন, নারায়ণগঞ্জ আইন কলেজে একটি আধুনিক ছয়তলা একাডেমিক ভবন নির্মাণ করা হোক। কলেজ প্রাঙ্গণে থাকবে মনোরম সবুজ পরিবেশ, শিক্ষার্থীদের জন্য পর্যাপ্ত বসার ব্যবস্থা, প্রযুক্তিনির্ভর ডিজিটাল ক্লাসরুম, সেমিনার হল, কমনরুম এবং একটি সমৃদ্ধ লাইব্রেরি। যেখানে আইনবিষয়ক দেশি-বিদেশি বই ও গবেষণাসামগ্রী সংরক্ষিত থাকবে।
সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “মাননীয় প্রধানমন্ত্রীর সদয় দৃষ্টি ও উদ্যোগে নারায়ণগঞ্জ আইন কলেজের দীর্ঘদিনের উন্নয়ন সংকট দূর হতে পারে। শিক্ষার্থীদের স্বার্থে এবং আইন শিক্ষার মানোন্নয়নের জন্য কলেজটির প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া প্রয়োজন।”
এছাড়া তিনি জাতীয়তাবাদী আইন ছাত্র ফোরামের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, সংগঠনের শক্তি হলো পারস্পরিক সহযোগিতা ও ঐক্য। শিক্ষার্থীদের কল্যাণে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
স্থানীয় পর্যবেক্ষকদের মতে, নারায়ণগঞ্জ আইন কলেজের অবকাঠামোগত উন্নয়ন এখন সময়ের দাবি। আধুনিক ভবন, উন্নত লাইব্রেরি, তথ্যপ্রযুক্তি সুবিধা ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করা গেলে কলেজটির শিক্ষার মান আরও বৃদ্ধি পাবে এবং দক্ষ আইনজীবী তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST