পিরোজপুরের নেছারাবাদের সারেংকাঠি “পঞ্চগ্রাম সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ে” সফলভাবে সম্পন্ন হলো ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প। “ছানি অন্ধত্বের অন্যতম কারণ”—এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত এই শিবিরে ইউনিয়নের মধ্যবিত্ত, দরিদ্র ও অসহায় রোগীদের বিনামূল্যে চোখের চিকিৎসা দেওয়া হয়।
চক্ষু শিবিরের আয়োজক ‘১০নং সারেংকাঠী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী’ সাংবাদিক গোলাম আযম আছলাম জানান, মেডিকেল টিম অত্যন্ত দক্ষতার সাথে তাদের কার্যক্রম পরিচালনা করেছেন এবং চিকিৎসাসেবা পেয়ে আগত রোগীরা অত্যন্ত খুশি হয়েছেন। সকাল ৯টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত চলা এই চক্ষু শিবিরে মোট ২১৯ জন রোগীকে চিকিৎসাসেবা দেওয়া হয়। এর মধ্যে ৯২ জন রোগীকে বিনামূল্যে চশমা প্রদান করা হয়।
এছাড়াও, ছানি ও নেত্রনালী অপারেশনের জন্য ২৮ জন রোগীকে বাছাই করা হয়। নির্বাচিত রোগীদের মধ্যে থেকে ১৮ জন রোগী আগামী ৩০ অক্টোবর ছানি ও নেত্রনালী অপারেশনের জন্য বরিশালের ইস্পাহানি ইসলামিয়া চক্ষু হাসপাতালে যাবেন।
চক্ষু শিবির বাস্তবায়নে সার্বিক সহযোগিতা ও সুযোগ করে দেওয়ায় বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ সংশ্লিষ্ট সকল শিক্ষককে বিশেষ অভিনন্দন জানান আয়োজকরা। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।
উল্লেখ্য, এই চক্ষু শিবিরটির সার্বিক চিকিৎসা ব্যবস্থাপনায় ছিল ইস্পাহানি ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট ও হাসপাতাল, বগুড়া রোড, বরিশাল।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST