রাজবাড়ীর পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় আনোয়ার শেখ (৫০) নামে এক ব্যক্তির মৃত্যুকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে। দায়িত্বরত চিকিৎসকের ভুল চিকিৎসা ও চরম অবহেলার কারণেই তাঁর মৃত্যু হয়েছে বলে অভিযোগ তুলেছেন নিহতের স্বজনেরা। নিহত আনোয়ার শেখ উপজেলার রামকোল বাহাদুরপুর গ্রামের মৃত বাহাদুর শেখের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, গত ৩০ জুন দিবাগত রাত ১টার দিকে তীব্র গ্যাসজনিত সমস্যার কারণে আনোয়ার শেখকে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাঁর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছিল। তবে বুধবার (১ জুলাই) বিকেলে একটি ইনজেকশন দেওয়ার পরপরই তিনি মারাত্মক অসুস্থ হয়ে পড়েন এবং বিকেল সাড়ে ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে রোগীর স্বজন ও বিক্ষুব্ধ এলাকাবাসী হাসপাতাল চত্বরে ভিড় জমান এবং চিকিৎসকদের অবহেলার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন।
নিহতের ভাই মো. কামাল হোসেন অভিযোগ করে বলেন, “রাতে গ্যাসের সমস্যার কারণে ভাইকে হাসপাতালে আনি। চিকিৎসা দেওয়ার পর তিনি সুস্থই ছিলেন। কিন্তু বিকেলে একটা ইনজেকশন দেওয়ার পরই তিনি মারা গেলেন।”
স্বজন মো. ঝন্টু মোল্লা বলেন, “চিকিৎসকের ভুল চিকিৎসার কারণেই এই মৃত্যু। রোগীর অবস্থা খারাপ হওয়ার পর প্রায় দুই ঘণ্টা ধরে ডাক্তারকে ফোন দেওয়া হলেও তিনি হাসপাতালে আসেননি।”
এ বিষয়ে জানতে চাইলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. ইনজামামুল হক শিহাব বলেন, “আরএমও (RMO) স্যার এই রোগীর চিকিৎসা দিয়েছেন। তিনি না থাকলে জরুরি অবস্থায় আমরা রোগীকে অ্যাটেন্ড করি।”
তবে চিকিৎসায় অবহেলার অভিযোগের বিষয়ে হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তার (আরএমও) কোনো বক্তব্য পাওয়া যায়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে হাসপাতাল এলাকায় অতিরিক্ত সতর্কতা অবলম্বন করা হচ্ছে।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST