রাজবাড়ী জেলা কারাগারে তুষার বিশ্বাস (৪২) নামের এক হাজতির মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৪ জুলাই) সকালে বুকে ব্যথা অনুভব করলে তাকে রাজবাড়ী সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।
তুষার বিশ্বাস পাংশা উপজেলার শরিষা ইউনিয়নের বনগ্রাম নতুনপাড়া গ্রামের শশধর বিশ্বাসের ছেলে।
কারাগার ও পুলিশ সূত্রে জানা যায়, তুষার বিশ্বাসের বিরুদ্ধে হত্যা, অস্ত্র ও মারামারিসহ মোট সাতটি মামলা বিচারাধীন ছিল। এর মধ্যে তিনটি মামলায় তিনি জামিনে ছিলেন।
রাজবাড়ী জেলা কারাগারের জেলার মো. মামুনুর রশিদ জানান, সকালে নাস্তা খাওয়ার পর হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে তাকে দ্রুত কারা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে রাজবাড়ী সদর হাসপাতালে পাঠানো হয়, যেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রাজবাড়ী সদর হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. মোহাম্মদ ফরহাদ হোসেন জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে, যা ইসিজি পরীক্ষার মাধ্যমে নিশ্চিত করা হয়।
কারাবিধি অনুযায়ী আইনি প্রক্রিয়া সম্পন্ন করে ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। পরবর্তীতে পারিবারিক শ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হয়।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST