মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার ইছাপুরা ইউনিয়নের বউবাজার এলাকায় মাদকের বিরুদ্ধে জনসচেতনতা গড়ে তুলতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল ৫টায় বউবাজার যুবসমাজের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এ সময় বক্তারা বলেন, মাদক একটি পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্য ভয়াবহ হুমকি। মাদকের বিস্তার রোধে শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নয়, পরিবার ও সমাজের প্রতিটি মানুষকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
বক্তারা আরও বলেন, তরুণ ও যুবসমাজকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করে তুলতে নিয়মিত জনসচেতনতামূলক কর্মসূচি আয়োজনের পাশাপাশি মাদক ব্যবসা ও সেবনের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। বউবাজারসহ ইছাপুরা ইউনিয়নের বিভিন্ন এলাকায় মাদকের বিস্তার ঠেকাতে প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করেন তারা।
মানববন্ধনে উপস্থিত ছিলেন ইছাপুরা ইউনিয়ন বিএনপির সভাপতি নাজমুল হোসেন, সাধারণ সম্পাদক নুর ইসলাম, ইছাপুরা ইউনিয়ন বিএনপির ৩ নম্বর ওয়ার্ড সভাপতি মো. শাহআলম, বাংলাদেশ জামায়াতে ইসলামী ইছাপুরা ইউনিয়নের সহ-সভাপতি ক্বারী এস এম আতাউল্লাহ, বাবুর আলী, রিপন, রমজানসহ ইউনিয়ন ও বউবাজার এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন জোরদার করার আহ্বান জানান এবং ইছাপুরা ইউনিয়নকে মাদকমুক্ত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST