মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় অসুস্থ গরু কেনাবেচা নিয়ে সংবাদ প্রকাশের পর সংশ্লিষ্ট সাংবাদিককে বিভিন্ন ব্যক্তির মাধ্যমে হুমকি ও অকথ্য ভাষায় গালিগালাজ করার অভিযোগ উঠেছে ইউসুফ ঢালি নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় স্থানীয় সাংবাদিকদের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানানো হলে তিনি তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৯ অক্টোবর ২০২৬ তারিখে লৌহজং উপজেলার বেজগাঁও ইউনিয়নের কলিকাতা ভোগদিয়া এলাকার লোকমান (৬৫) নামে এক ব্যক্তির কাছ থেকে ইউসুফ ঢালি একটি অসুস্থ গরু কেনেন বলে অভিযোগ রয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে সংবাদ প্রকাশিত হলে এলাকায় আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও ইউসুফের গরু কেনাবেচা ও ব্রোকারি-সংক্রান্ত বিভিন্ন বক্তব্য ও অভিযোগ ছড়িয়ে পড়ে।
এদিকে, প্রায় দেড় থেকে দুই বছর আগের একটি অভিযোগও নতুন করে আলোচনায় এসেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। এসব বিষয় নিয়ে সংবাদ প্রকাশের পর সাংবাদিককে চাপ প্রয়োগ ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।
সাংবাদিকের অভিযোগ, প্রথমে ইউসুফের এক আত্মীয় ফোন করে তাঁকে হুমকি দেন। ওই ব্যক্তি নিজেকে উপজেলা প্রশাসনের স্টাফ পরিচয় দিয়ে সাংবাদিককে অবিলম্বে উপজেলা কার্যালয়ে যেতে বলেন। তিনি কোন দপ্তরে কর্মরত, তা জানতে চাইলে ফোন কেটে দেন বলে অভিযোগ রয়েছে।
পরদিন উপজেলার হাটভোগদিয়া এলাকার সাজু নামের এক ব্যক্তিকে সঙ্গে নিয়ে ফোন করে হুমকি দেওয়া হয় বলেও দাবি করেন ওই সাংবাদিক। পরবর্তী সময়ে রোববার সন্ধ্যায় উপজেলা পর্যায়ের এক ব্যক্তির মাধ্যমে আবারও ফোন করা হয়। এ সময় তাঁকে দেখা করে দুই পক্ষের মধ্যে কথা বলার প্রস্তাব দেওয়া হয় বলে জানা গেছে।
সাংবাদিকের ভাষ্য অনুযায়ী, পরবর্তীতে ইউসুফের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে তাঁর পক্ষের লোকজনের মাধ্যমে হুমকি ও অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়।
এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য সবুজ শেখ বলেন, গরু কেনাবেচার ক্ষেত্রে ইউসুফের বিরুদ্ধে তাঁরও একটি অভিজ্ঞতা রয়েছে। তাঁর দাবি, একটি অনুষ্ঠানের জন্য গরু কেনার সময় ইউসুফ মধ্যস্থতা বা দালালির ভূমিকা পালন করেছিলেন। তিনি আরও দাবি করেন, এ ধরনের ব্যবসার মাধ্যমে ইউসুফ প্রায় ৪০ লাখ টাকার মালিক হয়েছেন। তবে তাঁর সম্পদের পরিমাণের বিষয়ে কোনো স্বাধীন তথ্য-প্রমাণ পাওয়া যায়নি।
অন্যদিকে, স্থানীয় কয়েকজন বাসিন্দার অভিযোগ, মালিরঅংক এলাকায় গরু ও দুধ কেনাবেচাকে কেন্দ্র করে প্রায়ই বিরোধ ও ঝগড়াবিবাদের ঘটনা ঘটে।
সাংবাদিকের নিরাপত্তা ও নিরপেক্ষ তদন্তের দাবি
সাংবাদিকের দায়িত্ব সংবাদ সংগ্রহ করা এবং জনস্বার্থসংশ্লিষ্ট তথ্য তুলে ধরা। কোনো সংবাদে কারও বিরুদ্ধে অভিযোগ প্রকাশিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির বক্তব্য দেওয়ার সুযোগ থাকা যেমন জরুরি, তেমনি সংবাদ প্রকাশের কারণে সাংবাদিককে ভয়ভীতি প্রদর্শন বা হুমকি দেওয়ার অভিযোগও গুরুত্বের সঙ্গে তদন্ত করা প্রয়োজন।
স্থানীয় সচেতন মহলের মতে, সাংবাদিকের নিরাপত্তা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া উচিত।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST