সিরাজগঞ্জে যমুনার বুকে জেগে ওঠা সরকারি খাসজমির শত শত বিঘা কাশবন সরকারি নিলাম ছাড়াই ৬০ লাখ টাকায় বিক্রির ঘটনা ঘটেছে। স্থানীয় প্রভাবশালীদের এ বাণিজ্যে প্যানেল চেয়ারম্যানের সম্পৃক্ততার অভিযোগ উঠেছে। ক্রেতার দাবি, ইউএনও-ওসির সঙ্গে কথা বলেই তিনি কাশবন কিনেছেন। তবে ইউএনওর বক্তব্য, বিষয়টি তাঁর জানা নেই। এতে সরকারি সম্পদ বিক্রি ও রাজস্ব আত্মসাতের আশঙ্কা তৈরি হয়েছে।
সিরাজগঞ্জ পৌর শিশু পার্কের পূর্ব পাশে যমুনার চরে প্রাকৃতিকভাবে জন্মেছে বিস্তীর্ণ কাশবন। ঘরের ছাউনি, বেড়া, পানের বরজ তৈরি ও গবাদিপশুর খাদ্য হিসেবে এসব কাশের ব্যাপক চাহিদা রয়েছে।
কাশবনের ক্রেতা জামালপুরের মাদারগঞ্জ পৌরসভার ঘোষপাড়া এলাকার সাধন মোহন বলেন, কাওয়াকোলা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আব্দুর রাজ্জাক ভূঁইয়াসহ স্থানীয় নেতাদের সঙ্গে স্ট্যাম্পে চুক্তি করে ৬০ লাখ টাকায় কাশবন কিনেছেন। ইউএনও, ওসি ও নৌপুলিশের সঙ্গে কথা বলেই তিনি এ ক্রয় করেছেন বলে দাবি করেন।
প্যানেল চেয়ারম্যান আব্দুর রাজ্জাক ভূঁইয়া বলেন, ইউএনও, এসিল্যান্ড ও ওসিকে মৌখিকভাবে বিষয়টি জানিয়েছেন। গতকাল ১০ লাখ টাকা সংশ্লিষ্টদের মধ্যে বণ্টন করেছেন বলেও দাবি করেন তিনি। এ কাজে হারুন কমিশনারসহ বিভিন্ন মৌজার প্রতিনিধিরা যুক্ত রয়েছেন।
তবে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুন খান বলেন, আমার বিষয়টি জানা ছিল না। এটি জমিসংক্রান্ত বিষয় এবং সিকস্তি-পয়স্তি জমি। তাই এসিল্যান্ডকে দিয়ে বিষয়টি খতিয়ে দেখা হবে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে কাশবন বিক্রির কারণে চরাঞ্চলের কৃষক ও গবাদিপশুর খামারিরা বিপাকে পড়েছেন। স্থানীয়দের অভিযোগ, কাশ ও ঘাস সংগ্রহ করতে কোথাও কোথাও চাঁদা দিতে হচ্ছে। সরকারি নিলাম ছাড়াই ৬০ লাখ টাকার এই বেচাকেনায় রাজস্ব আদায়, অর্থের বণ্টন এবং প্রশাসনের নাম ব্যবহারের বিষয়টি তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সচেতন মহল।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST