খাগড়াছড়ি পার্বত্য জেলার ঐতিহ্যবাহী রামগড় কেন্দ্রীয় মহামুনি বৌদ্ধ বিহারে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ‘দানোত্তম শুভ কঠিন চীবর দানোৎসব ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩৮৮ মঘাব্দ, তেংছংবু লাছেং ১১ রাক) বিহার প্রাঙ্গণে দিনব্যাপী নানা মাঙ্গলিক আয়োজনের মধ্য দিয়ে উৎসবটি পালিত হয়।অনুষ্ঠানমালায় ছিল বিশ্বশান্তি কামনায় পবিত্র ত্রিপিটক পাঠ, পূজনীয় ভিক্ষু সংঘকে প্রাতঃরাশ দান,জাতীয় ও ধর্মীয় পতাকা উত্তোলন। ভিক্ষু সংঘের আসন গ্রহণের পর ৯টা ১৫ মিনিটে পঞ্চশীল প্রার্থনা, পঞ্চশীল গ্রহণ, কঠিন চীবর দান ও সংঘ দান।পরে ধর্মীয় আলোচনা, দেশনা ও উৎসর্গ পর্ব অনুষ্ঠিত হয়।দুপুরে পূজনীয় ভিক্ষু সংঘকে পিণ্ড দান এবং আগত অতিথিবৃন্দকে আপ্যায়ন করানো হয়। এতে বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, গন্যমান্যব্যাক্তিবর্গ আগত পুণ্যার্থীগন অংশগ্রহণ করেন। উৎসব উদযাপন কমিটির আহ্বায়ক মংসাপ্রু কার্বারী জানান, দেব-মানুষ ও সকল জীবের সুখ, স্বাচ্ছন্দ্য, জীবনরক্ষা এবং পরম নির্বাণ লাভের কামনায় প্রতি বছরের ন্যায় এবারও স্ব-পরিবারে ধর্মপ্রাণ দায়ক-দায়িকারা পুণ্যানুষ্ঠানে অংশ নিয়েছেন। দিনের শেষ ভাগে সন্ধ্যা ৬টায় তাবতিংশ স্বর্গে বুদ্ধের চূলামনি ধাতুর উদ্দেশ্যে ফানুস বাতি উত্তোলন ও হাজার বাতি পূজার মধ্য দিয়ে উৎসবের সমাপ্তি ঘটে।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST