
মোঃ শহিদুল ইসলাম
“মাদক, চাঁদাবাজি, কিশোর গ্যাং—কোনোটিই রেহাই পাবে না”চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সেপ্টেম্বর-২০২৫ মাসের অপরাধ পর্যালোচনা সভা সোমবার দুপুরে দামপাড়া পুলিশ সদর দপ্তরের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সিএমপি কমিশনার হাসিব আজিজ, বিপিএম।
সভায় কমিশনার নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অসন্তোষ প্রকাশ করে অপরাধ দমনে মাঠপর্যায়ে কঠোর অবস্থান নিতে নির্দেশ দেন। তিনি বলেন, “মাদক, ছিনতাই, চুরি, চাঁদাবাজি বা কিশোর গ্যাং—কোনো অপরাধকেই প্রশ্রয় দেওয়া হবে না। জনগণের নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের সর্বোচ্চ দায়িত্ব। তিনি সংশ্লিষ্ট থানা ও গোয়েন্দা ইউনিটকে সর্বোচ্চ পেশাদারিত্ব ও সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে বলেন, নাগরিকের আস্থা অর্জন করতে হলে পুলিশকে দৃশ্যমান সেবা দিতে হবে। হত্যাসহ সব ধরনের মামলার দ্রুত নিষ্পত্তি ও ওয়ারেন্ট তামিলের হার বাড়ানোর জন্য কমিশনার কঠোর নির্দেশ প্রদান করেন। ট্রাফিক বিভাগকেও নগরজুড়ে সড়ক শৃঙ্খলা ফিরিয়ে আনার বিষয়ে নতুন করে সতর্ক করে দেন তিনি। ফিটনেসবিহীন, অননুমোদিত ও অবৈধভাবে চলাচলরত যানবাহনের বিরুদ্ধে জোরালো অভিযান চালানোর নির্দেশ দেন কমিশনার। সভায় উপস্থিত ছিলেন সিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) ও অতিরিক্ত দায়িত্বে (অর্থ ও প্রশাসন) মো. হুমায়ুন কবির, উপ-পুলিশ কমিশনার (সদর) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত), উপ-পুলিশ কমিশনার (পশ্চিম) হোসাইন মোহাম্মদ কবির ভূঁইয়া (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত), উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) নেছার উদ্দিন আহম্মেদ, পিপিএম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত)সহ সিএমপি’র অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা। সভা শেষে কমিশনার বলেন, চট্টগ্রামবাসীর নিরাপত্তা ও শান্তি নিশ্চিত করতে হলে মাঠের পুলিশকেই হতে হবে জনগণের ভরসাস্থল। দায়িত্বে অবহেলা বা শিথিলতার কোনো জায়গা নেই।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST