নিখোঁজের কয়েকদিন পর রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার এক মা ও তার শিশু সন্তানের অর্ধগলিত মরদেহ ফরিদপুর থেকে উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৪ মে) বিকেলে ফরিদপুর সদর উপজেলার চরমাধবদিয়া ইউনিয়নের একটি নির্জন পুকুর পাড় থেকে মাটিচাপা দেওয়া অবস্থায় লাশ দুটি উদ্ধার করা হয়।
নিহতরা হলেন: গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের পরশউল্লা পাড়ার আমজাদ শেখের স্ত্রী জাহানারা বেগম (৩০) ও তার ২ বছরের শিশু কন্যা সামিয়া।
স্থানীয় পুকুরপাড়ে কুকুর মরদেহ টানাটানি করার সময় দুর্গন্ধ ছড়িয়ে পড়লে এলাকাবাসীর সন্দেহ হয়। পরে পুলিশকে খবর দিলে তারা মাটি খুঁড়ে আংশিক গলিত অবস্থায় মা ও শিশুর মরদেহ উদ্ধার করে। পুলিশের ধারণা, কয়েকদিন আগেই তাদের হত্যা করে লাশ গুম করার উদ্দেশ্যে এখানে মাটিচাপা দেওয়া হয়েছিল।
ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আজমীর হোসেন জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনার রহস্য উদঘাটন ও জড়িতদের শনাক্ত করতে পুলিশ কাজ শুরু করেছে।
এই নৃশংস হত্যাকাণ্ডের খবরে গোয়ালন্দ ও ফরিদপুর জেলাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহতের পরিবার ও এলাকাবাসী দ্রুত দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST