অগ্নিযোদ্ধাদের একটাই পণ, নিরাপদ রাখবো সম্পদ ও জীবন” প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙ্গামাটি পার্বত্য জেলায় শুরু হয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬।
মঙ্গলবার (২০ মে) সকালে রাঙ্গামাটি ফায়ার স্টেশনে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে সপ্তাহব্যাপী এ কর্মসূচির শুভ উদ্বোধন করেন রাঙ্গামাটি জেলার জেলা প্রশাসক নাজমা আশরাফী।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
অনুষ্ঠানের শুরুতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাঙ্গামাটির সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত) নিউটন দাস বিএফএম জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জানান। পরে একটি চৌকস ফায়ার ফাইটার কন্টিনজেন্ট জেলা প্রশাসককে গার্ড অব অনার প্রদান করে।
সালাম গ্রহণ শেষে জেলা প্রশাসক বর্ণাঢ্য র্যালিতে অংশ নেন। পরে তিনি ফায়ার স্টেশনে স্থাপিত বিভিন্ন অগ্নি নির্বাপণ ও উদ্ধার সরঞ্জামের স্টল পরিদর্শন করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে সরঞ্জামগুলোর ব্যবহার ও কার্যক্রম সম্পর্কে অবহিত হন।
ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ জানায়, সপ্তাহব্যাপী এ আয়োজনের মাধ্যমে অগ্নি নিরাপত্তা বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি, দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি এবং উদ্ধার কার্যক্রম সম্পর্কে সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করা হবে।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST