পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা আট দিনের ছুটি শেষে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে পুনরায় শুরু হয়েছে আমদানি-রফতানি ও সিঅ্যান্ডএফ (কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং) কার্যক্রম। বুধবার (৩ জুন) সকাল থেকে বন্দরের কার্যক্রম স্বাভাবিকভাবে চালু হওয়ায় আবারও কর্মচাঞ্চল্য ফিরে এসেছে বন্দর এলাকায়।
বিষয়টি নিশ্চিত করে পানামা সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেডের জনসংযোগ কর্মকর্তা টিপু সুলতান জানান, সোনামসজিদ আমদানি-রফতানিকারক গ্রুপ এবং সোনামসজিদ স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের যৌথ সিদ্ধান্তে গত ২৬ মে থেকে ২ জুন পর্যন্ত বন্দরের সব ধরনের আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রাখা হয়েছিল।
তবে এ সময় পাসপোর্টধারী যাত্রীদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে ইমিগ্রেশন চেকপোস্টসহ সংশ্লিষ্ট দপ্তরগুলো সীমিত পরিসরে চালু রাখা হয়। ফলে যাত্রী পারাপারে কোনো ধরনের বিঘ্ন সৃষ্টি হয়নি।
তিনি আরও জানান, ছুটি শেষে বুধবার সকাল থেকেই বন্দরের সকল কার্যক্রম স্বাভাবিক নিয়মে পরিচালিত হচ্ছে। ভারত ও বাংলাদেশের মধ্যে পণ্যবাহী ট্রাক চলাচলও শুরু হয়েছে। এতে বন্দরের ব্যবসায়িক কার্যক্রমে আবারও গতি ফিরেছে এবং সংশ্লিষ্ট ব্যবসায়ী, শ্রমিক ও পরিবহন খাতে কর্মব্যস্ততা বৃদ্ধি পেয়েছে।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST