ফুটবল বিশ্বকাপ ২০২৬ শুরু হতে আর মাত্র কয়েকদিন বাকি। বিশ্বকাপকে ঘিরে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার কুমারভোগ ইউনিয়নে ছড়িয়ে পড়েছে ব্যাপক উৎসবমুখর পরিবেশ। যুবক থেকে শুরু করে মুরুব্বিরাও নিজ নিজ প্রিয় দলকে সমর্থন জানাতে নানা আয়োজনে ব্যস্ত সময় পার করছেন।
এলাকাজুড়ে দেখা যাচ্ছে প্রিয় দলের পতাকা টানানো, বাড়িঘর সাজানো এবং বিভিন্ন দলের জার্সি পরার ধুম। বিশেষ করে বাংলাদেশে জনপ্রিয় দুই দল ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা সবচেয়ে বেশি চোখে পড়ছে।
সরেজমিনে দেখা যায়, কুমারভোগ ইউনিয়নের বিভিন্ন এলাকায় আর্জেন্টিনার সমর্থকরা বড় বড় পতাকা টানাচ্ছেন। আর্জেন্টিনা দলের সমর্থক রাজিব হাওলাদার বলেন, ২০২২ সালে আমরা বিশ্বকাপ জিতেছি। এবারও ২০২৬ সালে আর্জেন্টিনাই চ্যাম্পিয়ন হবে বলে আশা করছি।
অন্যদিকে ব্রাজিল দলের সমর্থক রাসেল চৌকদার বলেন, ব্রাজিল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন। এবারও আমরা শিরোপা জিতব বলে বিশ্বাস করি।
হাটবাজার ঘুরে দেখা যায়, বিভিন্ন দলের জার্সি ও পতাকা বিক্রির ধুম পড়েছে। পতাকা বিক্রেতা সৈয়দ মিয়া জানান, বিশ্বকাপ মৌসুমে আমরা পতাকা বিক্রি করি। সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে ব্রাজিল ও আর্জেন্টিনার পতাকা। এছাড়া জাতীয় দিবস ও বাংলাদেশের খেলার সময়ও পতাকার চাহিদা থাকে।
বিশ্বকাপ ঘিরে কুমারভোগসহ পুরো লৌহজং উপজেলায় এখন ফুটবলপ্রেমীদের মাঝে বিরাজ করছে উৎসবের আমেজ। প্রিয় দলের জয় প্রত্যাশায় দিন গুনছেন সমর্থকরা।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST