সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের রংচী এলাকায় মাদকের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি করতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মাদকের ভয়াবহতা রোধে এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ গোটা এলাকায় আলোড়ন সৃষ্টি করেছে।
শুক্রবার জুমার নামাজ শেষে রংচী জামে মসজিদ মাঠ প্রাঙ্গণ থেকে মিছিলটি বের হয়। এলাকার সচেতন যুবক, মুরব্বি, শিক্ষক, মসজিদ-মাদ্রাসার ইমামসহ বিভিন্ন শ্রেণি-পেশার শতাধিক মানুষ মিছিলে অংশ নেন। “মাদককে না বলুন”, “যুবসমাজ বাঁচান” স্লোগানে মুখরিত মিছিলটি রংচী বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মসজিদ মাঠে এসে শেষ হয়।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, মাদক শুধু একটি পরিবার নয়, গোটা সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। তরুণ প্রজন্মকে এই সর্বনাশা নেশা থেকে রক্ষা করতে হলে সামাজিক প্রতিরোধের পাশাপাশি প্রশাসনের কঠোর অভিযান জরুরি।
বক্তারা আরও বলেন, মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে স্থানীয়ভাবে সামাজিক বয়কট গড়ে তোলা হবে। একইসঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে মাদক নির্মূলে কার্যকর ও নিয়মিত অভিযানের দাবি জানান তারা।
সমাবেশে উপস্থিত ব্যক্তিরা মাদকমুক্ত সমাজ গঠনে সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন এবং ভবিষ্যতে এ ধরনের জনসচেতনতামূলক কর্মসূচি নিয়মিত আয়োজনের অঙ্গীকার ব্যক্ত করেন।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST