সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য, হাওরবন্ধু জননেতা কামরুজ্জামান কামরুলের পক্ষ থেকে মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের গিলাগড়া নদী পারাপারের জন্য ছাত্রছাত্রী ও এলাকাবাসীর সুবিধার্থে জনস্বার্থে একটি নৌকা উপহার দেওয়া হয়েছে।
আজ ১৩ জুন, শনিবার নৌকাটি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় ছাত্রছাত্রী, শিক্ষকমণ্ডলী, জনগণ, স্থানীয় নেতৃবৃন্দ ও সর্বস্তরের নেতাকর্মীরা।
এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরে গিলাগড়া নদী পারাপারে তাঁদের দুর্ভোগ ছিল। এই নৌকা পাওয়ায় শিক্ষার্থীসহ সাধারণ মানুষের যাতায়াত সহজ হবে।
বংশীকুন্ডা উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মোক্তার হোসেন বলেন, “গিলাগড়া নদী পারাপারে ছাত্রছাত্রী ও এলাকাবাসীর দীর্ঘদিনের দুর্ভোগ ছিল। সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল জনস্বার্থে যে নৌকাটি উপহার দিয়েছেন, তা এলাকার মানুষের জন্য বড় স্বস্তি। রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে জনগণের সুবিধার জন্য যেকোনো উদ্যোগকে আমরা স্বাগত জানাই। আশা করি, ভবিষ্যতেও উত্তর বংশীকুন্ডার শিক্ষা, যোগাযোগ ও উন্নয়নের কাজগুলো এভাবেই এগিয়ে যাবে।”
বংশীকুন্ডা উত্তর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস সালাম বলেন, “জনগণের দুর্ভোগ লাঘবে এমপি মহোদয়ের এই উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই। নৌকাটি শিক্ষার্থী ও সাধারণ মানুষের চলাচলে বড় ভূমিকা রাখবে। আমরা চাই, রাজনৈতিক মতপার্থক্য ভুলে এলাকার উন্নয়নে সবাই একসঙ্গে কাজ করি।”
স্থানীয় আদিবাসী সম্প্রদায়ের পক্ষে একজন বাসিন্দা বলেন, “আমাদের বাচ্চারা স্কুলে যেতে এবং আমরা বাজারে যেতে নদী পার হতে খুব কষ্ট হতো। বর্ষায় তো পার হওয়াই যেত না। আজ নৌকা পেয়ে অনেক উপকার হলো। এমপি সাহেবকে ধন্যবাদ জানাই। আশা করি সামনেও আমাদের পাশে থাকবেন।”
এলাকার উন্নয়নের স্বার্থে উপস্থিত সবাই এমপি মহোদয়ের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া ও শুভকামনা জানান। তাঁরা আশা প্রকাশ করেন, তাঁর মাধ্যমে উত্তর বংশীকুন্ডার সকল চাহিদা পূরণ সম্ভব হবে।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST