মুন্সিগঞ্জের কামারখোলা রেলওভার ব্রিজ থেকে নামার ঢালে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গার্ডরেল ভেঙে সড়কের পাশে কাত হয়ে পড়ে গেছে। এ ঘটনায় কয়েকজন যাত্রী আহত হয়েছেন।
গতকাল সোমবার বিকেল ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, বরিশাল থেকে ঢাকার সায়েদাবাদের উদ্দেশ্যে ছেড়ে আসা বাসটি কামারখোলা রেলওভার ব্রিজের ঢালে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় বাসটি এক্সপ্রেসওয়ের গার্ডরেল ভেঙে নিচে নেমে যায় এবং এক্সপ্রেসওয়ে ও সার্ভিস রোডের মাঝামাঝি স্থানে কাত হয়ে আটকে পড়ে।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন, ফায়ার সার্ভিস ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে। আহত যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
ঘটনাস্থলে দায়িত্ব পালনকারী ফায়ার সার্ভিসের ইনচার্জ মো. দেওয়ান আজাদ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে চালকের অসচেতনতার কারণেই দুর্ঘটনাটি ঘটেছে। এতে এক্সপ্রেসওয়ের গার্ডরেলের ক্ষয়ক্ষতি হয়েছে। দুর্ঘটনার পরও বাসটি মূল এক্সপ্রেসওয়ের বাইরে অবস্থান করায় যান চলাচলে কোনো বড় ধরনের বিঘ্ন সৃষ্টি হয়নি।
তিনি আরও জানান, দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST