জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট আয়োজিত প্রথম শ্রেণি কর্মকর্তাদের বুনিয়াদি প্রশিক্ষণ পাঠ্যধারার সমাপন ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান ১৫ জুন, ২০২৬ সোমবার দুপুর ০১.৩০ মিনিটে ইনস্টিটিউটের সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয়। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন। জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মুহম্মদ হিরুজ্জামান এনডিসি-এর সভাপতিত্বে সমাপন অনুষ্ঠানে গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক জনাব মো. আবদুল জলিল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
প্রথম শ্রেণির কর্মকর্তাদের বুনিয়াদি প্রশিক্ষণ পাঠ্যধারা সফলভাবে শেষ হওয়ায় প্রধান অতিথি প্রশিক্ষণার্থীদের অভিনন্দন জানান। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব বাংলাদেশ টেলিভিশনের গৌরবময় অনুষ্ঠান নির্মাণের ঐতিহ্য ফিরিয়ে আনতে প্রশিক্ষিত কর্মকর্তাদের দূরদর্শী কর্মপরিকল্পনা এবং বর্তমান প্রযুক্তির সাথে সমন্বয় করে অনুষ্ঠান নির্মাণের ওপর গুরুত্বারোপ করেন। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বুনিয়াদী প্রশিক্ষণের গুরুত্ব তুলে ধরে বলেন, সরকারি কর্মকর্তাদের দক্ষতা ও পেশাদারিত্ব বৃদ্ধিতে এই প্রশিক্ষণ অত্যন্ত কার্যকর। দেশ ও জনগণের কল্যাণে তা কাজে আসবে বলে তিনি বিশ্বাস করেন।
গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মো. আবদুল জলিল একটি জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণে রাষ্ট্রীয় গণমাধ্যম হিসেবে বিটিভির কর্মকর্তাবৃন্দ এবং গণযোগাযোগ অধিদপ্তরের কর্মকর্তাদের প্রশিক্ষণলব্ধ জ্ঞান কাজে লাগনোর আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে এনআইএমসি এর মহাপরিচালক বলেন, জাতির মনন গঠনে এবং জাতীয় উন্নয়নে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি প্রশিক্ষিত কর্মকর্তাদের কর্মস্থলে ফিরে দেশ গঠনে সুষম উন্নয়নমূলক কর্মপরিকল্পনা বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের অতিরিক্ত মহাপরিচালক রওনক জাহানসহ ইনস্টিটিউটের বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ।
পাঠ্যধারার বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্বপূর্ণ অবদানের জন্য প্রশিক্ষণার্থীদের মাঝে ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করা হয়। প্রশিক্ষণে বাংলাদেশ টেলিভিশনের ২১ জন এবং গণযোগাযোগ অধিদপ্তরের ০২ জনসহ মোট ২৩ জন কর্মকর্তা অংশগ্রহণ করে।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST