মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার গাঁওদিয়া ইউনিয়নের কালুরগাঁও গ্রামে ভাঙারি ব্যবসায়ী সোহেল মুন্সী (৩৯) হত্যাকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করেছেন মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো. মেনহাজুল আলম, পিপিএম।
বৃহস্পতিবার দিবাগত রাত প্রায় ২টার দিকে সোহেল মুন্সীর নিজ বাড়ি থেকে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করে লৌহজং থানা পুলিশ। নিহত সোহেল মুন্সী কালুরগাঁও গ্রামের মৃত ইসমাইল মুন্সীর ছেলে এবং পেশায় একজন ভাঙারি ব্যবসায়ী ছিলেন।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন পুলিশ সুপার মো. মেনহাজুল আলম। এ সময় তিনি হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন, ঘটনার কারণ নির্ধারণ এবং সম্ভাব্য সংশ্লিষ্ট সকল বিষয় গুরুত্বের সঙ্গে তদন্তের নির্দেশ দেন। পাশাপাশি ঘটনায় জড়িতদের দ্রুততম সময়ে গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করেন।
পুলিশ সুপার নিহতের পরিবারের সদস্যদের আশ্বস্ত করে বলেন, ইতোমধ্যে একাধিক পুলিশ টিম অপরাধীদের শনাক্ত ও গ্রেফতারে কাজ শুরু করেছে। তদন্তের অগ্রগতির ভিত্তিতে দ্রুত জড়িতদের আইনের আওতায় আনা হবে।
ঘটনাস্থল পরিদর্শনের সময় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) কামরান হোসেন, লৌহজং থানার অফিসার ইনচার্জ (ওসি) বোরহান উল ইসলাম সহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদঘাটনে তদন্ত অব্যাহত রেখেছে।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST