রাজবাড়ীর পাংশায় ঝালমুড়ির প্রলোভন দেখিয়ে প্রথম শ্রেণির এক শিশু শিক্ষার্থীকে (৭) ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় দায়ের করা মামলায় লুৎফর বিশ্বাস (৫৫) নামে এক ঝালমুড়ি বিক্রেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ বুধবার (১ জুলাই) সকালে অভিযান চালিয়ে পাংশা মডেল থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার লুৎফর বিশ্বাস উপজেলার পাট্টা ইউনিয়নের জোনা গ্রামের মৃত আজাহার বিশ্বাসের ছেলে।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিশুটি স্থানীয় পাট্টা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী। পূর্বপরিচয়ের সুবাদে অভিযুক্ত লুৎফর তাকে প্রায়ই ঝালমুড়ি খাওয়াতেন। গত ৩০ জুন সকাল ৯টা থেকে দুপুর ১টার মধ্যে কোনো এক সময়ে ঝালমুড়ি দেওয়ার কথা বলে তিনি শিশুটিকে নিজের বসতবাড়িতে নিয়ে যান এবং সেখানে ঘরের ভেতর তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করেন। ঘটনাটি কাউকে না বলার জন্য শিশুটিকে ভয়ভীতিও দেখানো হয়।
পরে দুপুরে শিশুটি বাড়ি ফিরে এলে তার মা তাকে গোসল করানোর সময় শরীরের বিভিন্ন স্থানে আঘাত ও কামড়ের দাগ দেখতে পান। মায়ের জিজ্ঞাসাবাদের মুখে শিশুটি লুৎফরের নির্যাতনের কথা স্বীকার করে। এরপর দ্রুত তাকে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজবাড়ী সদর হাসপাতালে রেফার করেন কর্তব্যরত চিকিৎসক।
এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধনী ২০০৩)-এর ৯(১) ধারায় পাংশা থানায় একটি মামলা দায়ের করেছেন (মামলা নং-১, তারিখ: ০১/০৭/২০২৬ইং)।
পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মঈনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভুক্তভোগী শিশুর ডাক্তারি পরীক্ষা ও গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST