পিরোজপুরের কাউখালীতে থানা-পুলিশের বিশেষ অভিযানে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দিবাগত রাত ও শনিবার ভোররাতে উপজেলার বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
কাউখালী থানার উপপরিদর্শক (এসআই) মহিউদ্দিন, এসআই মাসুদ আল মামুন, এসআই দীপক বালা ও এসআই রহমতউল্লাহর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স এই অভিযানে অংশ নেন।
অভিযানকালে উপজেলার সদর ইউনিয়নের বাশুরী গ্রামের মঞ্জুর হোসেনের ছেলে মো. আরিফ হোসেনকে (২৫) ২০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করা হয়। এছাড়া শনিবার ভোররাতে উপজেলার চিরাপাড়া পারসাতুরিয়া ইউনিয়নের চিরাপাড়া গ্রামের সুলতান মোড়লের ছেলে মো. সোহেল হোসেনকে (৩০) ৪০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে তাদের বিজ্ঞ আদালতের মাধ্যমে পিরোজপুর জেলহাজতে পাঠানো হয়।
মাদকবিরোধী এই অভিযান সম্পর্কে কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, “মাদকমুক্ত সমাজ গঠনে আমরা জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছি। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত বিশেষ অভিযানে গাঁজা ও ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST