শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দেওয়া প্রতিশ্রুতির স্মৃতি রক্ষা এবং চিরস্থায়ী বন্দোবস্তপ্রাপ্ত জমি দখলের অপচেষ্টা বন্ধের দাবিতে সুনামগঞ্জে মানববন্ধন করেছে একটি দিনমজুর পরিবার।
বুধবার দুপুরে সুনামগঞ্জ শহরের ধোপাখালী স্লুইসগেইট এলাকায় এ মানবন্ধন অনুষ্ঠিত হয়।
মানবন্ধনে সুনামগঞ্জ পৌর শহরের নবীনগর এলাকার বাসিন্দা দিনমজুর সুনু মিয়া অভিযোগ করেন, তার বাবা মনফর আলী ওরফে বিরাই মিয়া* তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নির্দেশে ভূমিহীন হিসেবে সরকারি খাসজমি চিরস্থায়ী বন্দোবস্ত পেয়েছিলেন। বর্তমানে ওই জমি একটি প্রভাবশালী মহল জোরপূর্বক দখলের চেষ্টা করছে।
সুনু মিয়া জানান, সুনামগঞ্জ শহরতলীর মাইজবাড়ি মৌজার জে.এল নং-১০৭, খতিয়ান নং-০১ এর ৬৯০ ও ১৪১ দাগে মোট ৩.৫০ একর বাড়ি ও বোরো শ্রেণির জমি তার বাবার নামে চিরস্থায়ী বন্দোবস্ত দেওয়া হয়। ওই জমিতে বসতবাড়ি নির্মাণ করে এবং বোরো চাষাবাদ করে দীর্ঘদিন ধরে তাদের পরিবার জীবিকা নির্বাহ করে আসছে।
তিনি আরও বলেন, ১৯৮১ সালে সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এক জনসভায় তার বাবা ভূমিহীন হিসেবে খাসজমি বন্দোবস্তের জন্য রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কাছে আবেদন করেন। এ সময় রাষ্ট্রপতি জিয়া তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট কর্মকর্তাকে জমি বন্দোবস্ত দেওয়ার নির্দেশ দেন। পরবর্তীতে তার বাবার নামে ওই জমি বন্দোবস্ত প্রদান করা হয়।
সুনু মিয়ার অভিযোগ, দীর্ঘদিন ধরে একটি কুচক্রী মহল বন্দোবস্তকৃত ওই জমি দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছে। এ নিয়ে বিভিন্ন সময়ে তাকে ভয়ভীতি ও হুমকি দেওয়া হয়েছে। এমনকি সম্প্রতি তার চলাফেরার ওপরও নজরদারি করা হচ্ছে বলে তিনি দাবি করেন।
মানববন্ধন থেকে তিনি বন্দোবস্তীয় জমি রক্ষায় সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন। একইসঙ্গে জমি দখলের অপচেষ্টা বন্ধ এবং তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি জানান।
মানবন্ধনে স্থানীয় বাসিন্দা আব্দুর রহমান, আরব আলী, মোবারক হোসেন, শাজাহান মিয়া, নাছির মিয়া, রুবেল মিয়া বক্তব্য রাখেন।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST