রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে একই দিনে পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় একজন ট্রাকচালক নিহত এবং অন্তত ১০ জন আহত হয়েছেন। এসব দুর্ঘটনায় একটি গরুও মারা গেছে।
মঙ্গলবার ভোর ৫টা থেকে দুপুর ১টার মধ্যে মহাসড়কের কালুখালী ও রাজবাড়ী সদর উপজেলার বিভিন্ন পয়েন্টে এসব দুর্ঘটনা ঘটে।
নিহত ট্রাকচালকের নাম নজরুল ইসলাম (২৮)। তিনি বরিশাল জেলার আগৈলঝাড়া এলাকার বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোর ৫টার দিকে কালুখালী উপজেলার পাইকারা এলাকায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে অপর একটি ট্রাক সজোরে ধাক্কা দেয়। এতে দাঁড়িয়ে থাকা ট্রাকের চালক নজরুল ইসলাম ঘটনাস্থলেই প্রাণ হারান।
এরপর দুপুর ১২টার দিকে রাজবাড়ী সদর উপজেলার চন্দনী ইউনিয়নের চাঁদপুর এলাকায় গরুবোঝাই একটি ট্রাকের সাথে অপর একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাকে থাকা আনুমানিক দুই লাখ টাকা মূল্যের একটি গরু মারা যায় এবং ট্রাকটির চালক ও হেলপার আহত হন।
অন্যদিকে, দুপুর ১টার দিকে কালুখালী উপজেলার পাইকারা এলাকায় কুষ্টিয়াগামী একটি ট্রাকের সাথে রাজবাড়ীগামী একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসের অন্তত ৮ জন যাত্রী আহত হন। আহতদের উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
আহতরা হলেন— ডা. মো. সৈকত হাসান (৪০), জান্নাতুল (৫০), বিপ্লব (২৯), শামীম (৩৫), উজ্জ্বল (৩২), আলমগীর (৪৪), আব্দুস সাত্তার (৫৪) এবং মাসুদ রানা (৪০)। ঘটনার পরপরই বাস ও ট্রাকের চালক-হেলপাররা পালিয়ে যায়।
পাংশা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম জানান, দুর্ঘটনায় নিহত চালকের লাশ উদ্ধার করা হয়েছে এবং ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। অন্য দুর্ঘটনাগুলোর খবর পেয়েও হাইওয়ে পুলিশের টিম ঘটনাস্থলে পৌছেছে। এসব ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST