রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর বাজারে গভীর রাতে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে তেলের মিল ও পাটের গোডাউনসহ অন্তত ১০টি ব্যবসাপ্রতিষ্ঠান সম্পূর্ণ পুড়ে গেছে। এতে ব্যবসায়ীদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
রোববার (১৬ আগস্ট) দিবাগত রাত পৌনে ৩টার দিকে বহরপুর বাজারের বাসস্ট্যান্ড-সংলগ্ন এলাকায় মো. আব্দুল জলিল মোল্লার তেলের মিলে এই আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন আশপাশের অন্যান্য দোকান ও গোডাউনে ছড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, আগুনে যেসব প্রতিষ্ঠান সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে তার মধ্যে রয়েছে—আব্দুল জলিল মোল্লার তেলের মিল, তাঁর ছেলের ওষুধের দোকান, হিটু মোল্লার পাটের গোডাউন, মিল্টন মোল্লার পাটের ঘর, কংগ্রেস বিশ্বাসের মুদি দোকান এবং আব্দুল হান্নান স্যারের ছেলে সুমনের ওষুধের দোকানসহ প্রায় ১০টি ব্যবসাপ্রতিষ্ঠান।
খবর পেয়ে বালিয়াকান্দি ফায়ার স্টেশনের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন।
পরে বালিয়াকান্দির উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চৌধুরী মুস্তাফিজুর রহমান এবং বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুজ্জামান(পুলিশ পরিদর্শক), বাজার ব্যবসায়ী ও স্থানীয় জনগণের সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
বালিয়াকান্দি ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) সালাউদ্দিন লস্কর জানান, রাত ৩টা ৫ মিনিটের দিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট সোয়া ৩টার দিকে ঘটনাস্থলে পৌঁছায়। দীর্ঘ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয় এবং এরপরেও ঘটনাস্থলে তাদের শীতলীকরণ ও তদারকি কার্যক্রম চলমান ছিল।
তবে প্রাথমিকভাবে আগুনের সঠিক সূত্রপাত কীভাবে হয়েছে এবং এতে মোট কত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে, তা নিশ্চিত করা যায়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ করে যাচ্ছে।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST