মাগুরার মহম্মদপুর উপজেলার চৌবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে চৌবাড়িয়া স্পোর্টস ক্লাবের আয়োজনে ১৬ দলীয় ক্রিকেট টুর্নামেন্টের বহুল প্রতীক্ষিত ফাইনাল ম্যাচ জাঁকজমকপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। ফাইনাল খেলায় মুখোমুখি হয় ঘুল্লিয়া একাদশ ও বিনোদপুর একাদশ। খেলাটি ঘিরে এলাকাবাসী ও ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডভোকেট মিথুন রায় চৌধুরী। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মৈমূর আলী মৃধা। এছাড়াও বিনোদপুর ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী সাইফুল ইসলাম রফিক। তিনি যুবসমাজকে খেলাধুলার মাধ্যমে শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি সামাজিক অবক্ষয় থেকে দূরে থাকার আহ্বান জানান।
পুরো অনুষ্ঠানটি প্রাণবন্তভাবে সঞ্চালনা করেন মহম্মদপুর উপজেলার যুবনেতা জিসান হাবিব। তার সঙ্গে আয়োজক কমিটির অন্যান্য সদস্যরাও অনুষ্ঠান পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
অতিথিরা তাদের বক্তব্যে বলেন, খেলাধুলা যুবসমাজের মধ্যে শৃঙ্খলাবোধ, নেতৃত্বগুণ এবং সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারা এ ধরনের ক্রীড়া আয়োজনের ধারাবাহিকতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।
খেলা শেষে বিজয়ী ও রানার-আপ দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। সুষ্ঠু, সুন্দর ও উৎসবমুখর পরিবেশে টুর্নামেন্টের সফল সমাপ্তি হওয়ায় আয়োজকদের প্রশংসা করেন উপস্থিত অতিথি ও দর্শকরা।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST