মুন্সীগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর কেন্দ্রীয় নেতাদের আগমন উপলক্ষে জেলা পর্যায়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। আগামী ১৪ জুলাই কেন্দ্রীয় নেতৃবৃন্দের আগমনকে সফল ও জনসমাগমপূর্ণ করতে সাংগঠনিক প্রস্তুতি জোরদারের পাশাপাশি উপজেলার প্রতিটি ইউনিয়নে নেতাকর্মীদের সক্রিয় করার সিদ্ধান্ত নেওয়া হয়।
গতকাল বুধবার বাদ মাগরিব শ্রীনগর উপজেলার এম রহমান মার্কেটের বিপরীত পাশে মুঘল এম্পায়ারে অনুষ্ঠিত এ সভায় জেলার ১৪টি ইউনিয়নের প্রতিনিধিরা অংশ নেন। সভায় সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জ জেলা এনসিপির আহ্বায়ক মো. মাজেদুল ইসলাম এবং সঞ্চালনা করেন জেলা কমিটির সদস্যসচিব অ্যাডভোকেট মারুফ হাসান মন্টি।
সভায় উপস্থিত ছিলেন জেলা দপ্তর সম্পাদক মো. ইউসুফ হাসান, জাতীয় যুবশক্তি মুন্সীগঞ্জ জেলা শাখার আহ্বায়ক আজিম সরকার বিপ্লব, সদস্যসচিব মো. জুয়েল রানা, জাতীয় ছাত্রশক্তি মুন্সীগঞ্জ জেলা শাখার সিনিয়র যুগ্ম সদস্যসচিব তৌহিদুল ইসলাম নয়ন, শ্রীনগর উপজেলা এনসিপির আহ্বায়ক পদপ্রার্থী মো. আশিকুল ইসলাম এবং সিরাজদিখান উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী মো. আলী নেওয়াজসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।
সভায় বক্তারা বলেন, আগামী ১৪ জুলাই কেন্দ্রীয় নেতাদের আগমনকে ঘিরে সাধারণ মানুষ, বিশেষ করে তরুণদের ব্যাপক অংশগ্রহণ নিশ্চিত করতে সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করা হবে। একই সঙ্গে ইউনিয়ন পর্যায়ে জনসম্পৃক্ততা বৃদ্ধি এবং দলের সাংগঠনিক ভিত্তি শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করা হয়।
সভাপতির বক্তব্যে মো. মাজেদুল ইসলাম বলেন, এনসিপি অল্প সময়ের মধ্যেই সাধারণ মানুষের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। তিনি আশা প্রকাশ করে বলেন, কেন্দ্রীয় নেতাদের আগমন মুন্সীগঞ্জের রাজনৈতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ করবে এবং জেলার মানুষের প্রত্যাশা পূরণে দলটি কার্যকর ভূমিকা রাখবে। পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক মতাদর্শের বাংলাদেশপন্থী মানুষ এনসিপির সঙ্গে সম্পৃক্ত হবেন বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তিনি আরও বলেন, আগামী ১৪ জুলাই কোনো পক্ষ নাশকতা বা সহিংস পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করলে তা আইনসম্মতভাবে প্রতিহত করা হবে। এ বিষয়ে প্রশাসনকে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
সদস্যসচিব অ্যাডভোকেট মারুফ হাসান মন্টি বলেন, এনসিপি শুধু একটি রাজনৈতিক দল নয়, বরং সময়ের বাস্তবতায় মানুষের নতুন প্রত্যাশার প্রতিফলন। তিনি দেশের কল্যাণে বাংলাদেশপন্থী সব মানুষের সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।
সভায় আরও বক্তব্য দেন স্থানীয় নেতৃবৃন্দ। তারা আগামী ১৪ জুলাইয়ের কর্মসূচি সফল করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণের অঙ্গীকার করেন এবং জেলার প্রতিটি ইউনিয়ন থেকে ব্যাপক জনসমাগম নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেন।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST