নেত্রকোনা মডেল থানাধীন বেতাটি এলাকায় পূর্ব শত্রুতার জেরে ঘুমন্ত স্ত্রীকে কুপিয়ে হত্যার মতো বর্বরোচিত ঘটনা ঘটেছে। গত ১ জুলাই সকাল আনুমানিক ৭:১৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। ঘটনায় জড়িত থাকার অভিযোগে মূল আসামি আবুল কাশেমসহ অজ্ঞাতনামা ৪-৫ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।
নিহত ছফুরা আক্তারের স্বামী বাদী ইসলাম উদ্দিন জানান, ঘটনার সময় তারা নিজ বসতঘরের খাটে ঘুমিয়ে ছিলেন। এ সময় পূর্ব বিরোধের জেরে পূর্বপরিকল্পিতভাবে আসামি আবুল কাশেম ও তার সহযোগীরা ঘরে অনধিকার প্রবেশ করে। কোনো কিছু বুঝে ওঠার আগেই আবুল কাশেম ধারালো ছুরি দিয়ে ছফুরা আক্তারের তলপেটের ডান পাশে সজোরে আঘাত করে গুরুতর জখম করে।
ঘটনার পরপরই স্থানীয়দের সহায়তায় ভিকটিমকে দ্রুত নেত্রকোনা জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা প্রদান শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় ছফুরা আক্তারের মৃত্যু হয়।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় সচেতন মহল এবং ভুক্তভোগী পরিবার প্রশাসনের দ্রুত ও কঠোর হস্তক্ষেপে আসামিদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST