পাটুরিয়া থেকে দৌলতদিয়াগামী ‘কুমিল্লা’ ফেরি থেকে মাঝপদ্মায় লাফিয়ে পড়া লাইজু (৩৯) নামের এক নারী যাত্রীকে দীর্ঘ চার ঘণ্টা পর জীবিত ও অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে।
শনিবার (২৫ জুলাই) রাতে ফরিদপুর সদর উপজেলার কবিরপুর চর এলাকা থেকে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করা হয়।
ফেরি ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে ফেরিটি পাটুরিয়া ঘাট ছেড়ে মাঝনদীতে একটি লাল বয়া অতিক্রম করার সময় মোবাইল ফোনে কথা বলতে বলতে হঠাৎ পানিতে ঝাঁপ দেন লাইজু। তাৎক্ষণিকভাবে ফেরি থামিয়ে সার্চ লাইটের আলোয় খোঁজাখুঁজি করা হলেও তার সন্ধান মেলেনি। পরে নৌ-পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় প্রশাসন যৌথভাবে উদ্ধার অভিযান শুরু করে।
রাত সাড়ে ১০টার দিকে ফরিদপুর সদর উপজেলার নর্থ চ্যানেল ইউনিয়নের কবিরপুর চর এলাকার পদ্মায় চাক জাল দিয়ে মাছ ধরার সময় কয়েকজন যুবক এক নারীর চিৎকার শুনতে পান।
এ সময় তিনি কচুরিপানা আঁকড়ে স্রোতে ভেসে তীরের দিকে আসছিলেন। যুবকরা তাকে দ্রুত উদ্ধার করে স্থানীয় বাসিন্দা লোকমানের বাড়িতে আশ্রয় দেন এবং দৌলতদিয়া নৌপুলিশ ফাঁড়িকে খবর জানান।
উদ্ধার হওয়া লাইজু ঢাকা জেলার কামরাঙ্গীরচর থানার আশ্রাফাবাদ ঝাউচর এলাকার মো. ফোরকান মিয়ার স্ত্রী।
নর্থ চ্যানেল ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. সরোয়ার হোসেন জানান, স্থানীয় যুবকদের সহায়তায় ওই নারীকে সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়েছে।
দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ওসি) ত্রিনাথ সাহা জানান, নারীর জীবিত উদ্ধারের খবর পেয়ে তাকে শনাক্ত ও পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য ফরিদপুর কোতোয়ালি থানাকে অবহিত করা হয়েছে। পুলিশের একটি দল ঘটনাস্থলে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST