মাগুরার মহম্মদপুরে প্রশাসনের স্বাভাবিক কর্মকাণ্ডে কোনো ধরনের হস্তক্ষেপ না করা, রাজনৈতিক পরিচয়ে চাঁদাবাজি ও অনিয়ম বন্ধের দাবিতে প্রতিবাদ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা বিএনপির একাংশ।
বুধবার (১২ আগস্ট) দুপুর ১২টার দিকে মহম্মদপুরের প্রধান সড়কগুলোতে এ প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। পরে মিছিলটি ট্রাফিক চত্বরে গিয়ে সমাবেশে মিলিত হয়।
মিছিল থেকে ‘চাঁদাবাজ ও চক্রান্তকারীদের আস্তানা এই বাংলায় হবে না’, ‘ষড়যন্ত্রকারীদের ঠিকানা মহম্মদপুরে হবে না’সহ বিভিন্ন স্লোগান দেওয়া হয়। এতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
সমাবেশে উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক অধ্যক্ষ মো. মৈমুর আলী মৃধার সভাপতিত্বে বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট খান রোকনুজ্জামান, অধ্যক্ষ (অব.) মোহাম্মদ মতিউর রহমান, অ্যাডভোকেট মো. মনিরুল ইসলাম মুকুল, অধ্যাপক ড. এম এম রইচ উদ্দীন, শরিফুজ্জামান টুকু, অ্যাডভোকেট আহ্সান হাবিব খাঁন সোহেল, মুহিদুল ইসলাম, আক্তারুজ্জামান বিল্লাহ, উপজেলা যুবদলের আহ্বায়ক মো. তরিকুল ইসলাম তারামিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. আরিফুজ্জামান মিল্টনসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, বিএনপি নেতা অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরীর সহযোগিতায় মহম্মদপুরে বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড ও সরকারি বরাদ্দ চলমান রয়েছে। সাধারণ মানুষের কাছে সরকারি সহায়তা ও সুযোগ-সুবিধা স্বচ্ছতার সঙ্গে পৌঁছে দেওয়া হচ্ছে।
ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে নিয়োগ প্রসঙ্গে বক্তারা বলেন, প্রায় ৯০০ পরীক্ষার্থীর মধ্য থেকে মেধা ও দক্ষতার ভিত্তিতে ৮৩ জনকে নির্বাচন করা হয়েছে। নিয়োগ প্রক্রিয়ায় কোনো ধরনের পক্ষপাতিত্ব করা হয়নি বলেও দাবি করেন তারা।
তারা আরও বলেন, ব্যক্তিগত স্বার্থে কেউ যেন প্রশাসনিক কাজে বাধা সৃষ্টি করতে না পারে। অপপ্রচার ও ষড়যন্ত্রের মাধ্যমে মহম্মদপুরের শান্তিপূর্ণ পরিবেশ নষ্টের চেষ্টা করা হলে তা প্রতিহত করা হবে।
বক্তারা প্রশাসনকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, মহম্মদপুরের উন্নয়ন ও শান্তির স্বার্থে দলমত নির্বিশেষে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST