মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার কুমারভোগ ইউনিয়নে মাদকমুক্ত সমাজ গড়ার দাবিতে মানববন্ধন ও সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেল ৫টায় কুমারভোগ পুনর্বাসন আরএস-৩ এলাকায় আয়োজিত এ মানববন্ধনে অংশ নেন কুমারভোগ পুনর্বাসন আরএস-৩ এবং কুমারভোগ ৪ নম্বর ওয়ার্ডের ছাত্র-যুবসমাজ। কর্মসূচির উদ্যোগ নেন তরুণ উদ্যোক্তা মো. দিসাদ।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা “মাদকমুক্ত সমাজ চাই, এর কোনো বিকল্প নাই”, “মাদককে না বলি, চলো সবাই মাঠে খেলি”, “মাদক বিক্রেতা ও সেবনকারীদের ধরিয়ে দিন, যুব সমাজকে রক্ষা করুন”, “মাদকের আস্তানা গুঁড়িয়ে দাও, ভেঙে দাও”সহ বিভিন্ন স্লোগান দেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন মোহাম্মদ হামিদুর রহমান। তিনি বলেন, যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে পরিবার, সমাজ ও প্রশাসনকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
এ সময় বক্তব্য দেন কুমারভোগ পুনর্বাসনের বাসিন্দা চান মিয়া হুজুর এবং কুমারভোগ পুনর্বাসন আরএস-৩-এর সাধারণ সম্পাদক পদপ্রার্থী শফিক খান।
বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, একটি পরিবার ও সমাজকে ধ্বংস করে। তাই মাদক থেকে সবাইকে দূরে থাকতে হবে। কেউ মাদকের কারণে পরিবারে অশান্তি সৃষ্টি করলে বা কোনো ব্যক্তি বাড়ি ভাড়া নিয়ে মাদক ব্যবসা পরিচালনা করলে তাৎক্ষণিকভাবে এলাকাবাসীকে এবং প্রশাসনকে জানাতে হবে। কুমারভোগ এলাকায় কোনো মাদক ব্যবসায়ী বা মাদকসেবীর স্থান হবে না বলেও তারা হুঁশিয়ারি উচ্চারণ করেন।
মানববন্ধনে উপস্থিত ছাত্র ও যুবসমাজ মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন। কর্মসূচি শেষে দেশ ও জাতির কল্যাণ এবং যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষার জন্য বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST