রাজবাড়ীতে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর দগ্ধ হওয়ার ৫ দিন পর মৃত্যুর কাছে হার মানলেন সরকারি কর্মচারী মনিরা খাতুন (২৭)।
শুক্রবার (১৫ মে) ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত মনিরা খাতুন সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের ধর্মশী গ্রামের আব্দুর রাজ্জাক মোল্লার মেয়ে। তিনি জেলা নিরাপদ খাদ্য কার্যালয়ে অফিস সহায়ক হিসেবে কর্মরত ছিলেন।
গত ১০ মে (রবিবার) বিকেলে অফিস শেষে জাতীয় পতাকা নামানোর সময় স্টিলের পাইপটি বিদ্যুতের উচ্চ ভোল্টেজের তারে স্পর্শ করলে তিনি দগ্ধ হন। ফায়ার সার্ভিস তাকে উদ্ধার করে প্রথমে রাজবাড়ী সদর হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠায়। সেখানে টানা ৫ দিন লড়াই করে আজ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. আসিফুর রহমান এই মর্মান্তিক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তার মৃত্যুতে এলাকায় ও কর্মস্থলে শোকের ছায়া নেমে এসেছে।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST