রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের দুর্গম শুকনাছড়া এলাকায় দুর্বৃত্তদের গুলিতে এক ব্যক্তি নিহত হওয়ার ঘটনা ঘটেছে। নিহত ব্যক্তি হেগেরা চাকমা (ওরফে লেত্তবাপ) নামে পরিচিত বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
শনিবার (৯ মে) ভোরে সাজেক ইউনিয়নের ১০ নম্বর শুকনাছড়া পাড়ায় এ ঘটনা ঘটে। স্থানীয়দের দাবি, আগে থেকে ওত পেতে থাকা সশস্ত্র দুর্বৃত্তরা হেগেরা চাকমাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পর হামলাকারীরা দ্রুত এলাকা ত্যাগ করে।
খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছেন। দুর্গম এলাকা হওয়ায় সেখানে পৌঁছাতে কিছুটা সময় লাগছে বলে জানিয়েছে প্রশাসন।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত ব্যক্তি পাহাড়ের একটি আঞ্চলিক সংগঠনের সঙ্গে জড়িত ছিলেন বলে ধারণা করা হচ্ছে। তবে এ বিষয়ে এখনো কোনো সংগঠনের পক্ষ থেকে আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
সাজেক থানার অফিসার ইনচার্জ (ওসি) তোফাজ্জল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “ঘটনার খবর পাওয়ার পর আমরা ঘটনাস্থলের দিকে রওনা হয়েছি। এলাকা অত্যন্ত দুর্গম হওয়ায় পৌঁছাতে সময় লাগছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।”
ঘটনার পর শুকনাছড়া, মারিশ্যা ও আশপাশের এলাকায় আতঙ্ক বিরাজ করছে। স্থানীয় বাসিন্দারা সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে প্রশাসনের দ্রুত পদক্ষেপ কামনা করেছেন।
উল্লেখ্য, পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন দুর্গম এলাকায় দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর মধ্যে সংঘাতের ঘটনা ঘটে আসছে। এসব ঘটনায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও নিরাপত্তাহীনতা বাড়ছে।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST