সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ চলে গেছেন না-ফেরার দেশে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
গতকাল বুধবার, ৬ মে বিকেল ৩টা ৩৫ মিনিটে উত্তর শ্রীপুর ইউনিয়নের ইসলামপুর গ্রামের নিজ বাড়িতে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। আজ বৃহস্পতিবার, ৭ মে সকাল ১১টায় রাষ্ট্রীয় মর্যাদায় তাঁকে দাফন করা হয়েছে।
দাফনের আগে তাহিরপুর উপজেলা প্রশাসনের একটি চৌকস দল বীর এই মুক্তিযোদ্ধাকে গার্ড অব অনার প্রদান করে। এ সময় বিউগলে করুণ সুর বেজে ওঠে। পরে স্থানীয় কবরস্থান মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে সমাহিত করা হয়।
জানাজায় তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা, মুক্তিযোদ্ধা সংসদের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতাকর্মী ও এলাকার শত শত মানুষ অংশ নেন।
১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ দেশমাতৃকার জন্য জীবন বাজি রেখে সম্মুখসমরে অংশ নেন। তাঁর মৃত্যুতে তাহিরপুরে শোকের ছায়া নেমে এসেছে।
বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের ইসলামপুর গ্রামের বাসিন্দা ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, চার ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
এদিকে তাঁর মৃত্যুতে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের পক্ষ থেকে চেয়ারম্যান সোলায়মান মিয়া ও মহাসচিব শফিকুল ইসলাম বাবু গভীর শোক প্রকাশ করেছেন। তারা মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে বিনম্র শ্রদ্ধা জানান এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বলেন, আল্লাহ তায়ালা যেন তাদের ধৈর্য ধরার তৌফিক দান করেন আমিন।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST