মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার কুমারভোগ ইউনিয়নের পূর্ণবাসন আরএস-৩ এলাকার উন্নয়নে দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনা করে স্থানীয়দের প্রশংসা কুড়িয়েছেন সাধারণ সম্পাদক পদপ্রার্থী শফিক খান। তিনি জানান, গত কয়েক বছর ধরে এলাকার পরিচ্ছন্নতা, সামাজিক উন্নয়ন ও জনসেবামূলক বিভিন্ন উদ্যোগে তিনি স্বেচ্ছায় কাজ করে যাচ্ছেন।
শফিক খান বলেন, এলাকাবাসী যদি আমাকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করেন, তাহলে আরও বৃহৎ পরিসরে উন্নয়নমূলক কাজ করার সুযোগ পাব। আমি শতভাগ আশাবাদী। মানুষের কাছ থেকে ব্যাপক সাড়া ও সমর্থন পেয়েছি।
তিনি প্রতিশ্রুতি দিয়ে বলেন, নির্বাচিত হলে এলাকায় স্থায়ী পরিচ্ছন্নতা কার্যক্রম চালু, অভিজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে হাসপাতাল পরিচালনার উদ্যোগ, যুবকদের জন্য খেলার মাঠ নির্মাণ, রাস্তাঘাট সংস্কার, বাজার চালু, মাদকমুক্ত ও আলোকিত আধুনিক গ্রিন সিটি গড়ে তোলার জন্য কাজ করবেন।
এছাড়া তিনি জানান, কুমারভোগ পদ্মা সেতু স্কুলের প্রধান শিক্ষকের কাছে তিনি স্কুলের পরিচ্ছন্নতা কার্যক্রম, শিক্ষার্থীদের খেলাধুলার সামগ্রী এবং বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার প্রদানের ঘোষণা দিয়েছেন। সরকারি বরাদ্দ না পাওয়া পর্যন্ত বিদ্যালয়ের প্রয়োজনীয় উন্নয়নমূলক কাজে সহযোগিতা অব্যাহত রাখারও অঙ্গীকার করেন।
পূর্ণবাসন আরএস-৩ এলাকার একাধিক বাসিন্দা জানান, গত দুই বছরে শফিক খানের বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড তারা দেখেছেন। এসব কাজের কারণে অনেকেই তাকে সাধারণ সম্পাদক হিসেবে দেখতে চান।
তবে এলাকাবাসী আরও দাবি জানান, এলাকায় নিয়মিত পরিচ্ছন্নতা বজায় রাখা, সড়কে পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা, পুকুরপাড়ে ময়লা-আবর্জনা ফেলা বন্ধ করা এবং উচ্চস্বরে মাইক বাজিয়ে প্রচার-প্রচারণা বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া প্রয়োজন। তাদের ভাষ্য, অতিরিক্ত শব্দদূষণের কারণে শিক্ষার্থী, বয়স্ক ও অসুস্থ মানুষ চরম ভোগান্তির শিকার হন।
স্থানীয়দের প্রত্যাশা, নির্বাচিত জনপ্রতিনিধি ও সংশ্লিষ্টরা এসব সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ নেবেন এবং এলাকার সার্বিক উন্নয়নে আন্তরিকভাবে কাজ করবেন।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST