লক্ষ্মীপুর পৌরসভার প্রায় ৯৫ জন স্বর্ণ ব্যবসায়ীর হাতে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)-এর স্মার্টকার্ড ও সনদ তুলে দেওয়া হয়েছে। শনিবার রাতে শহরের একটি রেস্তোরাঁয় আয়োজিত মতবিনিময় সভায় এ কার্ড ও সনদ বিতরণ করা হয়। লক্ষ্মীপুর পৌর বাজার মনিটরিং সেল কমিটির ব্যানারে বাজুস জেলা কমিটির সহযোগিতায় অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পৌর বাজুসের সভাপতি অপূর্ব লাল রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাজুস জেলা শাখার সভাপতি সমীর কর্মকার। প্রধান বক্তা ছিলেন জেলা বাজুসের সাধারণ সম্পাদক পরেশ কর্মকার।
প্রধান অতিথির বক্তব্যে সমীর কর্মকার বলেন, “দীর্ঘ ১৯ বছর পর ২০২৪ সালের মার্চে নির্বাচনের মাধ্যমে আমরা দায়িত্ব পেয়েছি। দায়িত্ব গ্রহণের পর থেকেই স্বর্ণ ব্যবসায়ীদের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছি।” তিনি আরও জানান, শিগগিরই ২০২৬-২০২৮ সেশনের নির্বাচন আয়োজন করা হবে। এ সময় তিনি দক্ষ ও প্রকৃত ব্যবসায়ীদের নেতৃত্বে আনার আহ্বান জানান এবং কোনো সুযোগসন্ধানী মহল যাতে নেতৃত্বে আসতে না পারে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান। পাশাপাশি তিনি সরকারি আইন মেনে ব্যবসা পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন।
পৌর বাজুসের সাধারণ সম্পাদক পলাশ কুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পৌর বাজার মনিটরিং সেলের প্রধান উপদেষ্টা দীলিপ সাহা, জেলা বাজুসের সহ-সভাপতি জুলাশ কুরী ও সহদেব কুরী এবং যুগ্ম সাধারণ সম্পাদক গনেশ কুরি। এছাড়া জেলা বাজার দর সমন্বয় কমিটির সভাপতি পলাশ কুরী, সাধারণ সম্পাদক লিটন কর্মকার, পৌর বাজুসের যুগ্ম সাধারণ সম্পাদক অজয় রায় এবং জেলা মহাজনী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হৃদয় পালসহ স্থানীয় ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে আমন্ত্রিত অতিথিরা নির্ধারিত স্বর্ণ ব্যবসায়ীদের হাতে আনুষ্ঠানিকভাবে স্মার্টকার্ড ও সনদ তুলে দেন।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST