গত ৩০ আগস্ট ২০২৬ খ্রি. রাজধানীর গেন্ডারিয়া থানাধীন করাতীটোলা এলাকায় মাদক ব্যবসার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘটিত গোলাগুলিতে এক নারীসহ তিনজন সাধারণ ব্যক্তি গুলিবিদ্ধ হন। আহতদের মধ্যে আশা আক্তার (২০) ও সিয়াম (১৮) সাধারণ পথচারী এবং আলমগীর (৩৩) চা-দোকানি ছিলেন। গোলাগুলির সময় আশার ডান পায়ে, সিয়ামের বুকের বাম পাশে এবং আলমগীরের মাথায় গুলি লাগে। আহত আলমগীর হোসেন রাসেল ও সিয়াম হোসেন রুবেলের অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে এবং বর্তমানে তারা সুস্থ অবস্থায় রয়েছেন। আয়েশা আক্তারও বর্তমানে সুস্থ ও স্থিতিশীল রয়েছেন; তবে তার পায়ে থাকা গুলিটি এখনো অপসারণ করা সম্ভব হয়নি।
ঘটনার পরপরই র্যাব-১০, সিপিসি-১, যাত্রাবাড়ী ক্যাম্প-এর একটি চৌকস আভিযানিক দল উক্ত গোলাগুলির ঘটনায় ছায়াতদন্ত শুরু করে। ঘটনাস্থল ও আশপাশের সিসিটিভি ফুটেজ এবং গোয়েন্দা তথ্য বিশ্লেষণ করে সংশ্লিষ্ট ব্যক্তিদের শনাক্ত করা হয়।
এরই ধারাবাহিকতায় গত ০১ সেপ্টেম্বর, ২০২৬ তারিখ সন্ধ্যা ১৯:৩০ ঘটিকার সময় গেন্ডারিয়া থানাধীন মুন্সিরটেক এলাকা থেকে মোহাম্মদ জিসান (১৯) ও মোহাম্মদ রমজান (১৯)-কে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে গত ০৮ সেপ্টেম্বর, ২০২৬ তারিখ মোহাম্মদ শাহীন (৩৪)-কে গ্রেপ্তার করা হয়।
অপর একটি পৃথক অভিযানে গতকাল ০৯ সেপ্টেম্বর, ২০২৬ তারিখ শাবাব হোসেন শৈকত (২৯) এবং মোহাম্মদ মাহিম (১৮)-কে গ্রেপ্তার করা হয়। শাবাব হোসেন শৈকতকে গ্রেপ্তারের অভিযানে তার নিকট হতে ১২ (বারো) রাউন্ড তাজা গুলি ও ০৩ (তিন) টি ম্যাগাজিন’সহ ০২ টি বিদেশী পিস্তল; ৩,১৩,০০০/- মূল্যমানের ৪২০ পিস ইয়াবা, ৪০০ পুরিয়া হেরোইন ও ৯০০ গ্রাম গাঁজা এবং নগদ অর্থ ও অন্যান্য আলামত উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত শাবাব হোসেন শৈকত যাত্রাবাড়ী থানার ০৩টি মাদক মামলার এজাহারনামীয় আসামি।
বিশেষভাবে উল্লেখযোগ্য, উদ্ধারকৃত ১২ রাউন্ড গুলি এবং তিনটি ম্যাগাজিনের মধ্যে একটি ম্যাগাজিন ০৫ আগস্ট, ২০২৪ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পরবর্তী সময়ে পুলিশের লুণ্ঠিত অস্ত্রের ম্যাগাজিন ও গোলাবারুদ হিসেবে শনাক্ত করা হয়েছে।
এ ঘটনায় র্যাব-১০-এর ধারাবাহিক অভিযানে সর্বমোট পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি অস্ত্র, মাদক এবং পুলিশের লুণ্ঠিত গোলাবারুদের উৎস ও সংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তিদের শনাক্তে অনুসন্ধান অব্যাহত রয়েছে। র্যাব-১০ এই ধরনের অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে আসছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধীদের আইনের আওতায় আনতে র্যাব সর্বদা দৃঢ় প্রতিজ্ঞ।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST