পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় কাঠবোঝাই ভ্যানগাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে চাপা পড়ে স্বপন নামের এক ভ্যানচালক বাবা নিহত হয়েছেন। এ মর্মান্তিক দুর্ঘটনায় তার চার বছরের একমাত্র শিশুসন্তান গুরুতর আহত হয়ে বর্তমানে ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
আজ বুধবার (৭ অক্টোবর) দুপুরে মাননীয় গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মঞ্জুরের নির্দেশনায় নেছারাবাদ উপজেলার বলদিয়া ইউনিয়নের রাজাবাড়ী ৫ নম্বর ওয়ার্ডে নিহতের বাড়িতে পরিদর্শনে যান উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব আশিক আহম্মেদ। এ সময় তিনি নিহতের পরিবারের খোঁজখবর নেন এবং প্রতিমন্ত্রীর পক্ষ থেকে ২০ হাজার ও প্রশাসনের পক্ষ থেকে ২০ হাজার—মোট ৪০ হাজার টাকা নগদ সহায়তা নিহতের বাবার হাতে তুলে দেন।
বলদিয়া ইউনিয়নের প্রশাসক বশির আহম্মেদ,
উপজেলা প্রকৌশলী জনাব রাইসুল ইসলাম,
সোনালী ব্যাংক স্বরূপকাঠি শাখার ম্যানেজার দৃপেন্দ্র নাথ মন্ডল, ইউনিয়ন ভূমি কর্মকর্তা (তহসিলদার) মো. মিজানুর রহমান জুয়েল, বিন্না ইয়ংমেন্স ক্লাবের সভাপতি রিয়াদুল ইসলাম
সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, মাননীয় প্রতিমন্ত্রীর নির্দেশেই তারা এই শোকাহত পরিবারের পাশে দাঁড়িয়েছেন। ইউনিয়ন প্রশাসকের পক্ষ থেকেও পরিবারটির পাশে থাকার জোরালো আশ্বাস দেওয়া হয় এবং শিশুটির চিকিৎসাসহ পরবর্তীতে আরও সাহায্য-সহযোগিতা করা যায় কি না, সে বিষয়ে সর্বাত্মক চেষ্টা অব্যাহত থাকবে বলে জানানো হয়।
এর আগে গতকাল মঙ্গলবার (৬ অক্টোবর) নেছারাবাদ উপজেলায় কাঠবোঝাই ভ্যানগাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে চাপা পড়ে ঘটনাস্থলেই ভ্যানচালক স্বপন নিহত হন। এ সময় তার সঙ্গে থাকা চার বছরের শিশুসন্তানটি গুরুতর আহত হয়। প্রথমে তাকে নেছারাবাদ স্বাস্থ্য কমপ্লেক্স, এরপরে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলেও উন্নত চিকিৎসার জন্য পরবর্তীতে ঢাকায় স্থানান্তর করা হয়। বর্তমানে শিশুটি পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST