পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় নিখোঁজের এক দিন পর বিপুল সিকদার (৫০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১২ অক্টোবর) দুপুরে উপজেলার ১০ নং সারেংকাঠী ইউনিয়নের গয়েশকাঠী এলাকা থেকে তাঁর মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত বিপুল সিকদার সারেংকাঠী ইউনিয়নের ১ নং ওয়ার্ডের বাসিন্দা বিনোদ সিকদার ও শান্তি সিকদারের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত ১১ অক্টোবর (রবিবার) আনুমানিক দুপুর ১১:০০ টার দিকে বিপুল সিকদার নিজ বাড়ি থেকে বের হন। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন এবং পরিবারের সদস্যরা তাঁর কোনো সন্ধান পাচ্ছিলেন না। সোমবার দুপুরে স্থানীয় এক ব্যক্তি ঘাস কাটতে গিয়ে গয়েশকাঠী এলাকায় একটি মরদেহ দেখতে পান। সংবাদটি জানাজানি হলে স্থানীয় পার্টিক্যাল বাড়ি পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করেন। পরবর্তীতে নেছারাবাদ থানা পুলিশ এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
ঘটনার বিষয়ে তদন্তকারী কর্মকর্তা এসআই মো: নাসির উদ্দীন জানান, “মরদেহ উদ্ধার করে প্রাথমিক সুরতহালে শরীরে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মৃত্যুর সঠিক কারণ পোস্টমর্টেম (ময়নাতদন্ত) রিপোর্ট পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।”
নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মেহেদী হাসান বলেন, “সংবাদ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। এ বিষয়ে তদন্ত চলছে। এখনই বিস্তারিত কিছু বলা যাচ্ছে না, তদন্ত শেষে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।”
ঘটনাস্থল পরিদর্শন শেষে এএসপি (সার্কেল) প্রণব রায় গণমাধ্যমকে জানান, “সারেংকাঠীর গয়েশকাঠীতে একটি মরদেহ পড়ে থাকার খবর পেয়ে থানা পুলিশের একটি টিম নিয়ে ঘটনাস্থলে আসি। লাশ উদ্ধার করা হয়েছে এবং নিহতের পরিচয় (বিপুল সিকদার) নিশ্চিত হওয়া গেছে। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে, তদন্ত শেষে প্রকৃত ঘটনা জানানো হবে।”
এদিকে, বিপুল সিকদারের মর্মান্তিক এই মৃত্যুতে তাঁর পরিবার ও পুরো এলাকায় চরম শোক এবং চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST