রাজবাড়ীর পাংশায় পদ্মার নালে সেচযন্ত্রের ফিতা ধুতে গিয়ে পানিতে ডুবে শরিফুল ইসলাম (১৯) নামের এক বুদ্ধিপ্রতিবন্ধী যুবকের মৃত্যু হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার হাবাসপুর ইউনিয়নের চর আফরা পশ্চিমপাড়া বেড়িবাঁধসংলগ্ন খানবাড়ি ঈদগাহের পাশের পদ্মার নালে এই দুর্ঘটনা ঘটে। নিহত শরিফুল ইসলাম ওই গ্রামের মফিজ খানের ছেলে।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, সোমবার সকালে শরিফুল বাড়ি থেকে সেচযন্ত্রের পানি দেওয়ার ফিতা নিয়ে খানবাড়ি ঈদগাহ্ সংলগ্ন পদ্মার নালে ধুতে যান। নির্ধারিত সময়ে বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা তাঁকে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে তাঁর মা সুমি খাতুন ও প্রতিবেশী নবী হোসেন নালের পানির নিচ থেকে শরিফুলকে উদ্ধার করেন। পরে দ্রুত তাঁকে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
পরিবারের সদস্যরা জানান, শরিফুল ইসলাম জন্মগতভাবে বুদ্ধিপ্রতিবন্ধী ছিলেন এবং সাঁতারও জানতেন না। ধারণা করা হচ্ছে, নালে ফিতা ধোয়ার সময় অসাবধানতাবশত পানিতে পড়ে ডুবে তাঁর মৃত্যু হয়েছে।
এ বিষয়ে পাংশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম জানান, হাবাসপুর এলাকায় পদ্মার নালে গিয়ে পানিতে ডুবে এক বুদ্ধিপ্রতিবন্ধী যুবকের মৃত্যুর ঘটনা ঘটেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST