পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলায় বিএনপি নেতা সুটিয়াকাঠি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. রাজিবুল হক শানুকে গ্রেফতার করেছে নেছারাবাদ থানা পুলিশ। সোমবার দুপুরে সুটিয়াকাঠি বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করে তাকে পিরোজপুর আদালতে প্রেরণ করা হয়েছে। এলাকায় বিরাজ করছে নিরবতা, সর্বত্র চলছে পর্যালোচনা। অনেকে মনে করছেন অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা।
বিবরনে জানা গেছে, গত ১ লা মার্চ উপজেলার বালিহারী গ্রামের হুমায়ুন কবির খানের ছেলে অটো রিকশা চালক আবদুল্লাহ আল মামুন সবুজকে (৩৩) ইউনিয়ন পরিষদে ডেকে নেয়া হয় এবং চুরির অপবাদে তাকে মারধর করে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এ অপমান সইতে না পেরে সবুজ বাড়িতে গিয়ে বিষপান করেছে বলে জানায় তার পরিবার। গুরুতর অবস্থায় তাকে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় পরের দিন ২ মার্চ রাতে তার মৃত্যু হয়।
এ ঘটনায় সবুজের স্ত্রী সুমি বেগম বাদী হয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে প্রধান আসামি সহ আরো ৫ জন সহ মোট ৬ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেন। নেছারাবাদ থানার ওসি মো. মেহেদী হাসান জানান, আত্মহত্যায় প্ররোচনার মামলায় রাজিবুল হক শানুকে গ্রেফতার করা হয়েছে এবং তাকে আদালতে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST