সিরাজগঞ্জের রায়গঞ্জে ফুলজোড় নদীর তীর থেকে এক অটোভ্যান চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে সলঙ্গা থানার কালিকাপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত জাহের আলী আকন্দ (৬৫) উপজেলার ঘুড়কা ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের মৃত ইনসাফ আলী আকন্দের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে কালিকাপুর এলাকায় ফুলজোড় নদীর তীরবর্তী ঝোপঝাড়ে একটি মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে সলঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।
নিহতের ছেলে বাবু জানান, সোমবার সন্ধ্যায় তার বাবা অটোভ্যান নিয়ে বাড়ি থেকে বের হন। এরপর তিনি আর ফিরে আসেননি। সকালে স্থানীয়দের মাধ্যমে মরদেহ শনাক্ত করা হয়।
সলঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) আসলাম উদ্দিন জানান, প্রাথমিকভাবে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে বিস্তারিত জানা যাবে।
রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম বলেন, ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের দাবি, এর আগেও একই এলাকায় মরদেহ উদ্ধারের ঘটনা ঘটেছে, যা নিয়ে উদ্বেগ বাড়ছে।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST