মানিকগঞ্জের সরকারি স্বাস্থ্যসেবা খাতে দলীয় পরিচয়ের ভিত্তিতে নিয়োগের অভিযোগ উঠেছে। জেলার দুটি গুরুত্বপূর্ণ হাসপাতাল ও একটি মেডিকেল কলেজে আউটসোর্সিংয়ের মাধ্যমে নিয়োগ পাওয়া জনবলের বড় একটি অংশ স্থানীয় রাজনৈতিক দলের নেতাকর্মী বা তাঁদের স্বজন বলে অভিযোগ রয়েছে। এতে যোগ্য প্রার্থীরা বঞ্চিত হচ্ছেন বলে দাবি সংশ্লিষ্টদের।
অনুসন্ধানে জানা গেছে, মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ২০২১ সালে আউটসোর্সিংয়ের মাধ্যমে ১২০ জন জনবল নিয়োগ দেওয়া হয়। ওই নিয়োগের টেন্ডার পায় ‘মেসার্স মিয়া এন্টারপ্রাইজ’ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। স্থানীয় সূত্রগুলো বলছে, প্রতিষ্ঠানটির মালিক একজন রাজনৈতিকভাবে প্রভাবশালী ব্যক্তির ঘনিষ্ঠ।
টেন্ডারের মেয়াদ শেষ হওয়ার পরও একই প্রতিষ্ঠানকে একাধিকবার সময় বাড়িয়ে দেওয়া হয়। ২০২৩–২৪ অর্থবছরে নতুন করে টেন্ডার আহ্বান করা হলেও জনবল বাড়িয়ে আবারও একই প্রতিষ্ঠানের হাতে দায়িত্ব দেওয়া হয়। বর্তমানে ওই প্রতিষ্ঠানের নিয়োগ পাওয়া কর্মীরাই বিভিন্ন পদে দায়িত্ব পালন করছেন।
অভিযোগ রয়েছে, নিয়োগ পাওয়া অনেকেই ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী বা তাঁদের আত্মীয়স্বজন। তাঁরা আয়া, ওয়ার্ড বয়, ল্যাব অ্যাটেনডেন্ট, পরিচ্ছন্নতাকর্মীসহ বিভিন্ন পদে কাজ করছেন। সংশ্লিষ্টরা বলছেন, অনেক ক্ষেত্রে নিয়োগপ্রাপ্তদের দক্ষতা নিয়েও প্রশ্ন রয়েছে।
একই ধরনের চিত্র দেখা গেছে মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালেও। সেখানে আউটসোর্সিং কার্যক্রমের দায়িত্বে থাকা ব্যক্তিও রাজনৈতিকভাবে সম্পৃক্ত বলে অভিযোগ রয়েছে। যদিও সম্প্রতি ঠিকাদারি প্রতিষ্ঠান পরিবর্তন করা হয়েছে, তবুও আগের নিয়োগ পাওয়া জনবলই বহাল রয়েছে।
হাসপাতালের একাধিক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, আউটসোর্সিংয়ের আড়ালে দীর্ঘদিন ধরে একটি নির্দিষ্ট গোষ্ঠীর প্রভাব বজায় রয়েছে। এতে করে প্রকৃত যোগ্য প্রার্থীরা সুযোগ পাচ্ছেন না এবং স্বাস্থ্যসেবার মানও ব্যাহত হচ্ছে।
এ বিষয়ে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. শফিকুল ইসলাম বলেন, “টেন্ডার প্রক্রিয়া অনুসরণ করেই ঠিকাদারি প্রতিষ্ঠান নিয়োগ দেওয়া হয়েছে। প্রতিষ্ঠানটির রাজনৈতিক সংশ্লিষ্টতা সম্পর্কে আমার জানা নেই।”
স্থানীয় সচেতন নাগরিকরা বলছেন, সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে স্বচ্ছ ও মেধাভিত্তিক নিয়োগ নিশ্চিত করা জরুরি। অন্যথায় সেবার মান উন্নয়ন সম্ভব হবে না। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST