বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদ (বিএসকেপি)-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্তক্রমে সংগঠনের উপ-মহাসচিব মো. আব্দুল মান্নানকে সারা দেশের ৮টি বিভাগে জেলা কমিটি গঠন কার্যক্রমের তথ্য সংগ্রহ ও সমন্বয়ের দায়িত্ব প্রদান করা হয়েছে।
শুক্রবার, ৮ মে, রাতে সংগঠনের মহাসচিব এম. এ. মোমিন আনসারির স্বাক্ষরিত এক অফিস আদেশে এ দায়িত্ব প্রদান করা হয়। আদেশটি সংগঠনের অফিসিয়াল পেজেও প্রকাশ করা হয়েছে।
বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদ সাংবাদিকদের একটি সরকার অনুমোদিত সংগঠন। বর্তমানে সংগঠনের পক্ষ থেকে দেশের ৬৪ জেলায় আহ্বায়ক কমিটি গঠনের কার্যক্রম চলমান রয়েছে। সংগঠনের উন্নয়ন, সম্প্রসারণ ও সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
অফিস আদেশে উল্লেখ করা হয়, দীর্ঘ শ্রম, ত্যাগ ও আন্তরিক প্রচেষ্টার মাধ্যমে গড়ে ওঠা এ সংগঠনের কার্যক্রমকে আরও বেগবান করতে মো. আব্দুল মান্নানকে প্রয়োজনীয় যোগাযোগ স্থাপন, তথ্য সংগ্রহ, যাচাই-বাছাই এবং সংশ্লিষ্ট তথ্য কেন্দ্রীয় কার্যালয়ে সরবরাহের দায়িত্ব দেওয়া হয়েছে।
নবনিযুক্ত দায়িত্বপ্রাপ্ত উপ-মহাসচিব মো. আব্দুল মান্নান বলেন, “দক্ষতা, সততা, সাংগঠনিক অভিজ্ঞতা ও আন্তরিক প্রচেষ্টার মাধ্যমে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদের কার্যক্রম আরও বেগবান, সুসংগঠিত ও শক্তিশালী হবে বলে আমি আশাবাদী। দেশের সাংবাদিকদের অধিকার ও কল্যাণ নিশ্চিত করতে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাব।”
সংগঠনের নেতৃবৃন্দ আশা প্রকাশ করেছেন, নতুন এই দায়িত্ব পালনের মাধ্যমে সারাদেশে সংগঠনের কার্যক্রম আরও সম্প্রসারিত হবে এবং সাংবাদিক সমাজের মধ্যে ঐক্য ও পেশাগত উন্নয়ন ত্বরান্বিত হবে।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST