মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলা স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টে দুর্দান্ত নৈপুণ্য প্রদর্শন করে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে রয়েল চ্যালেঞ্জার্স আটপাড়া। ১৬টি দলের অংশগ্রহণে অনুষ্ঠিত টুর্নামেন্টের গ্রুপ পর্বে টানা ২টি জয় তুলে নিয়ে দলটি নিজেদের শ্রেষ্ঠত্বের প্রমাণ দেয়।
টুর্নামেন্টের সর্বশেষ খেলায় রয়েল চ্যালেঞ্জার্স আটপাড়া ১-০ গোলের ব্যবধানে অফিসার্স এলিভেনকে পরাজিত করে গুরুত্বপূর্ণ জয় নিশ্চিত করে। বিগত অনুষ্ঠিত তিনটি ম্যাচের মধ্যে রয়েল চ্যালেঞ্জার্স আটপাড়া নিজেদের দুটি ম্যাচেই জয় লাভ করে গ্রুপ চ্যাম্পিয়নের মর্যাদা অর্জন করে।
মাঠে শুরু থেকেই শেষ পর্যন্ত আক্রমণাত্মক ফুটবল উপহার দেয় রয়েল চ্যালেঞ্জার্স আটপাড়া। দলগত সমন্বয়, রক্ষণভাগের দৃঢ়তা এবং আক্রমণভাগের কার্যকর খেলায় প্রতিপক্ষকে চাপে রেখে জয় ছিনিয়ে আনে তারা। খেলায় দুই দলের খেলোয়াড়দের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পারফরম্যান্সে মাঠে উপস্থিত দর্শকদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
আয়োজকরা জানান, টুর্নামেন্টে উপজেলার বিভিন্ন এলাকার মোট ১৬টি দল অংশ নিয়েছে। প্রতিযোগিতামূলক এই আয়োজনের মাধ্যমে স্থানীয় পর্যায়ে ফুটবল চর্চা আরও গতিশীল হবে এবং তরুণ খেলোয়াড়দের প্রতিভা বিকাশের সুযোগ সৃষ্টি হবে বলে তারা আশা প্রকাশ করেন।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST